বরগুনায় ন্যাশনাল সার্ভিসে বেকারদের তালিকা চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় ন্যাশনাল সার্ভিসে নিয়োগের জন্য বেকার যুবক ও যুব মহিলাদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বরগুনা সার্কিট হাউস মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চলতি বছরের শুরুতে বরগুনা, কুড়িগ্রাম ও গোপালগঞ্জে ন্যাশনাল সার্ভিস প্রকল্পে লোক নিয়োগের কার্যক্রম শুরু হয়। বরগুনা জেলার পাঁচটি উপজেলায় ১৮ থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সী প্রায় ১২ হাজার ৭০ জন বেকার যুবক ও যুব মহিলা এ প্রকল্পে নিয়োগের জন্য আবেদন করেন। পরবর্তীকালে যুব উন্নয়ন অধিদপ্তর বেকারদের সংখ্যা নিরূপণের জন্য জরিপ চালায়। এতে জেলায় শিক্ষিত ও নির্ধারিত চাকরির বয়সসীমা আছে—এমন বেকারের সংখ্যা নিরূপণ হয় ১৮ হাজার ১২ জন। এঁদের মধ্যে চার হাজার ৯১৮ জন শিক্ষারত ও বিভিন্ন কাজে নিয়োজিত এবং নির্ধারিত বয়সসীমা পার হয়ে যাওয়ায় এ প্রকল্পে নিয়োগের অযোগ্য বিবেচিত হওয়ায় তাঁদের বাদ দেওয়া হয়। ১৩ হাজার ৯৪ জনকে নিয়ে চূড়ান্ত তালিকা করা হয়। তাঁদের কয়েকটি ধাপে প্রশিক্ষণ দিয়ে কাজে নিয়োগ দেওয়া হবে। তিন মাস প্রশিক্ষণের সময় প্রত্যেকে দৈনিক ১০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে দুবছর প্রত্যেকে দৈনিক ২০০ টাকা করে ভাতা পাবেন। অভিযোগ রয়েছে, এ প্রকল্পে লোক নিয়োগের ক্ষেত্রে নানা অনিয়ম, সরকারি দলের নেতাদের হস্তক্ষেপ ও অর্থ লেনদেন হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন চাকরিপ্রার্থী জানান, তালিকা চূড়ান্ত করতে মূল ভূমিকা পালন করেন সংশ্লিষ্ট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এতে মোটা অঙ্কের অর্থেরও লেনদেন হয়েছে।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির এ বিষয়ে প্রথম আলোকে বলেন, বড় কোনো কাজ করতে গেলে কিছু ভুলত্রুটি তো হবেই। তা ছাড়া এ প্রকল্পে যাঁরা চাকরি পাবেন, তাঁরা তো এলাকারই সন্তান এবং বেকার। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক বিনয় রঞ্জন মিত্র বলেন, অনিয়ম সম্পর্কে তাঁর কাছে কেউ অভিযোগ করেনি।