বরগুনায় ন্যাশনাল সার্ভিসের কর্মীদের বিক্ষোভ, স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বরগুনায় ন্যাশনাল সার্ভিসের কয়েক শ কর্মী গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন। একই দাবিতে পরে তাঁরা জেলা প্রশাসককে স্মারকলিপি দেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, বরগুনা সদর উপজেলায় ন্যাশনাল সার্ভিসে কর্মরত প্রায় ৮০০ কর্মীকে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে প্রত্যন্ত গ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে গতকাল বদলির আদেশ দেওয়া হয়। ঈদুল আজহার ছুটির পর তাঁদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এ খবর পাওয়ার পর কয়েক শ কর্মী সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দেন।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তিন মাস প্রশিক্ষণের পর ন্যাশনাল সার্ভিসের কর্মীরা তাঁদের বাসস্থানের কাছাকাছি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে নিয়োগ পান। কর্মস্থলে তাঁরা এত দিন যথাযথভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু হঠাৎ করেই গতকাল সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রায় ৮০০ ন্যাশনাল সার্ভিসের কর্মীকে প্রত্যন্ত এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বদলি করেন। কর্মীরা মাত্র ২০০ টাকা করে দৈনিক ভাতা পান। কাজেই বাসস্থান থেকে দূরের ওই সব স্থানে গিয়ে কাজ করতে প্রাপ্ত ভাতার প্রায় সবই যাতায়াতে ব্যয় হয়ে যাবে। ন্যাশনাল সার্ভিসের কর্মী সেলিনা আক্তার ও ইসরাত জাহান বলেন, তাঁরা বরগুনা শহরের এফএম কিন্ডারগার্টেনে কর্মরত ছিলেন। কিন্তু তাঁদের বদলি করা হয়েছে শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের একটি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে আসা-যাওয়ায় তাঁদের প্রতিদিন কমপক্ষে ১০০ টাকা করে ব্যয় হবে।