বরগুনায় পরিছন্নতাকর্মীসহ দুজনের করোনা শনাক্ত

বরগুনা জেনারেল হাসপতালের এক পরিছন্নতাকর্মীসহ দুজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। সিভিল সার্জন হুমায়ূন শাহীন খান গতকাল রোববার রাতে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রশাসন আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করেছে। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছে।
বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে বরগুনার বেতাগী উপজেলার একজন সম্প্রতি ঢাকা থেকে ফেরেন। ১৪ মে তিনি জ্বর, কাশি ও সর্দি নিয়ে হাসপাতালে ভর্তি হন। একই ধরনের উপসর্গ নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালের এক পরিছন্নতাকর্মী হাসপাতালে ভর্তি হয়। ১৫ মে তাদের দুজনের নমুনা সংগ্রহ করে বরিশালে পাঠান চিকিৎসকেরা। গতকাল রাত ৯টার দিকে নমুনা পরীক্ষার ফলে জানা যায় তাঁরা করোনাভাইরাসে আক্রান্ত।
জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রধান ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ প্রথম আলোকে বলেন, আক্রান্তদের হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরগুনায় এখন পর্যন্ত ৪৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে বরগুনা সদরে ১৫, আমতলীতে ১১, বামনায় ৯, বেতাগীতে ৩ ও পাথরঘাটা উপজেলায় ২ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ৯ এপ্রিল জেলায় প্রথম কোভিড–১৯ রোগী শনাক্ত হয়। এরপর রোগীর সংখ্যা বাড়তে থাকলে ১৮ এপ্রিল জেলা প্রশাসক বরগুনাকে লকডাউন ঘোষণা করেন।