বরগুনায় পরিবার পরিকল্পনা সেবা মুখ থুবড়ে পড়ার উপক্রম
বরগুনায় পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে।সরেজমিনে জেলার বিভিন্ন এলাকায় গিয়ে জানা গেছে, শহর এলাকায় সচেতন দম্পতিরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করলেও প্রত্যন্ত গ্রাম ও চরাঞ্চলে এই সচেতনতা এবং জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের হার হতাশাব্যঞ্জক।এই হতাশাব্যঞ্জক পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরা জনবলসংকট, দায়িত্ব পালনে গা-ছাড়া মনোভাব, জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহে দীর্ঘসূত্রতা, স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয়হীনতা এবং মাঠকর্মীদের কর্মক্ষমতা হ্রাসকে দায়ী করেছেন।বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা, লালদিয়া, জিনতলা, তাফালবাড়িয়া, চরলাঠিমারা ও পদ্মার চরে বাস করে কয়েক হাজার পরিবার। এসব গ্রামে যেতে পথে পথে দেখা গেছে ছোট-বড় অসংখ্য শিশু ডাঙ্গুলি খেলছে, আবার কেউ কেউ তা উপভোগ করছে। রফিকুল, আলানূর ও সুমন তিন ভাই। তাদের বয়স ছয় থেকে ১০ বছরের মধ্যে। ফাহিমা নামে তাদের একটি ছোট্ট বোন আছে। পাথরঘাটার চরলাঠিমারা গ্রামে গিয়ে এমন অসংখ্য পরিবারের দেখা মেলে, যাদের ঘরে তিন-চারটি কিংবা তারও বেশি সন্তান রয়েছে। এসব সন্তান জন্ম হয়েছে এক থেকে দেড় বছরের ব্যবধানে। চরে এ পরিবারগুলো খুপরি ঘরে মানবেতর জীবনযাপন করছে। পরিবার পরিকল্পনা পদ্ধতির কোনো ছোঁয়া লাগেনি এসব পরিবারে।জেলা পরিবার পরিকল্পনা বিভাগ সূত্র জানায়, বিভাগের কার্যক্রম চলছে ঢিমেতেতালে। জনবলসংকট ও মাঠপর্যায়ের কর্মীরা ঝিমিয়ে পড়ায় এই কার্যক্রম মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। আর পরিবার পরিকল্পনা কার্যক্রমে যেসব বেসরকারি সংস্থাকে নিয়োগ করা হয়েছে, তারা শহরকেন্দ্রিক কিছু কাজ করলেও গ্রামাঞ্চলে তাদের তেমন কোনো কর্মকাণ্ড নেই।জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালকের কার্যালয় সূত্র জানায়, জেলায় সক্ষম দম্পতির সংখ্যা এক লাখ ৯০ হাজার ৭৩৫। এর মধ্যে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারী দম্পতির সংখ্যা এক লাখ ৪২ হাজার ৪৩০। তবে সরকারি এই হিসাবের সঙ্গে বাস্তব পরিস্থিতির অনেক গড়মিল রয়েছে বলে মনে করেন স্থানীয় সচেতন ব্যক্তিরা। তাঁদের মতে, প্রকৃত অবস্থা আরও নাজুক।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলায় পরিবার পরিকল্পনা বিভাগের প্রথম শ্রেণীর কর্মকর্তার ১৮টি পদের মধ্যে ১২টি, দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার ১০টি পদের ছয়টি, তৃতীয় শ্রেণীর ১৭৪টি পদের ৭৭টি এবং চতুর্থ শ্রেণীর ২৯৯টি পদের মধ্যে ৬৭টি শূন্য।পাথরঘাটার চরলাঠিমারা গ্রামের তিন সন্তানের মা রেবা বেগম (৩৫) বলেন, ‘মোরা পরিবার পরিকল্পনার আফাগো কোনো দিন দেহি নাই। পরিবার পরিকল্পনা পদ্ধতির বিষয়ে মোরা কিছুই জানি না। ওসব ওগো (বাচ্চা) বাপে বোঝে। হেই পাথরঘাটার ডাক্তারেগো লগে আলাপ কইর্যা সব করে।’বরগুনা সদরের খাজুরতলা গ্রামের চার সন্তানের মা খাদিজা বেগম (২৮) বলেন, ‘এতগুলা বাচ্চা লইয়্যা কী যে কষ্ট। আগে বোঝলে এই ভুল করতাম না। কেউ তো মোগো কোনো পরামর্শও দেয় না, বুঝমু ক্যামনে, কন?’পরিবার পরিকল্পনা বিভাগ পাথরঘাটার পরিদর্শক মাহমুদা আকতার অবশ্য এ অভিযোগ স্বীকার করেন। চরাঞ্চলের অনিয়ন্ত্রিত জনসংখ্যার জন্য তিনি দায়ী করেন ওই সব পরিবারের অসচেতনতাকে। মাঠকর্মীদের মাঠে না যাওয়ার অভিযোগও তিনি অস্বীকার করেন।পরিবার পরিকল্পনা বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করে বেসরকারি সংস্থা সূর্যের হাসি ক্লিনিক ও মেরি স্টোপস। সূর্যের হাসি ক্লিনিক বরগুনার ব্যবস্থাপক আতিয়ার রহমান বলেন, ‘আমরা মূলত ক্লিনিকে বসেই পরামর্শ দিই। আরেকটি দল শহরের আশপাশের এলাকায় প্রচারণা চালায়।’ তিনি স্বীকার করেন, এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য যে হারে কাজ হওয়া দরকার, তা হচ্ছে না।জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শহিদুল ইসলাম বলেন, ‘লোকবল ও যানবাহনসংকটে মাঠপর্যায়ে তদারকির কাজ ব্যাহত হচ্ছে। আমরা দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে উঠেতে চেষ্টা চালাচ্ছি।’স্থানীয় বেসরকারি সংস্থা সিবিডিপির পরিচালক জাকির হোসেন বলেন, সরকারিভাবে জেলায় জন্মনিয়ন্ত্রণের যে হার দেখানো হচ্ছে, তা বিশ্বাসযোগ্য নয়। কারণ, এ বিষয়ে কাজ করতে গিয়ে আমাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা হলো, যথেষ্ট প্রচার না থাকায় জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিগুলো এখনো দম্পতিদের কাছে তেমন জনপ্রিয়তা পায়নি, বিশেষ করে দরিদ্র, অশিক্ষিত পরিবারগুলোর নারীদের মধ্যে আমরা এ ব্যাপারে সংকোচ বোধ লক্ষ করেছি। গ্রামগঞ্জে এখনো জন্মনিয়ন্ত্রণের উপকরণগুলো সহজলভ্য নয় এবং সেগুলো দম্পতিদের পৌঁছে দেওয়ার ক্ষেত্রে লোকবল ও সদিচ্ছার ঘাটতি রয়েছে।