বরগুনায় পাঁচ গ্রামে রাত জেগে পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক দিনে বেশ কয়েকবার ডাকাতির চেষ্টার ঘটনায় বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের পাঁচটি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডাকাতি ঠেকাতে এসব গ্রামের লোকজন রাত জেগে পালা করে পাহারা দিচ্ছেন।
স্থানীয় লোকজন জানান, গত মঙ্গলবার গভীর রাতে ১৫-১৬ জন ডাকাত দক্ষিণ খাজুরতলা গ্রামে ঢুকে তিনটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং কয়েকটি বাড়িতে ডাকাতির চেষ্টা করে। পরে গ্রামবাসী ধাওয়া করে খাজুরতলা খাল থেকে ডাকাত সন্দেহে তিন ব্যক্তিকে ধরে মারধর করে পুলিশে সোপর্দ করেন।
বুধবার রাত ১০টার দিকে আবার ডাকাতেরা দক্ষিণ ও উত্তর খাজুরতলা গ্রামে হানা দেওয়ার চেষ্টা করে। এ সময় গ্রামবাসী প্রতিরোধ গড়ে তুললে তারা পালিয়ে যায়।
বুধবার রাতে খাজুরতলা, কাটাখালী ও কুমড়াখালী গ্রামে গিয়ে দেখা যায়, লাঠিসোঁটা ও টেঁটা হাতে নিয়ে ওই পাঁচ গ্রামের লোকজন বিভিন্ন স্থানে পাহারা বসিয়েছেন। এ সময় কথা হয় দক্ষিণ খাজুরতলা গ্রামের বাসিন্দা অশোক বিশ্বাস ও সুকুমার বিশ্বাসের সঙ্গে। তাঁরা জানান, তিন রাত ধরে গ্রামের অধিকাংশ মানুষের চোখে ঘুম নেই। পাঁচটি দল (একেকটি দলে ২৫ জন করে সদস্য) রাত জেগে পাহারা দিচ্ছে।
উত্তর খাজুরতলা গ্রামের গৃহবধূ খাদিজা বেগম বলেন, ‘ডাহাইতের ডরে হারা রাইত পোলাপান লইয়্যা বইয়্যা থাহি।’