বরগুনায় পানি নামছে ধীরে, কৃষকেরা শঙ্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় দিনের টানা বর্ষণের পর গতকাল বৃহস্পতিবার থেকে বরগুনার বিভিন্ন এলাকার ফসলি মাঠের পানি কমতে শুরু করেছে। এতেও কৃষকদের শঙ্কা কাটেনি। ভুক্তভোগী কৃষকেরা বলেছেন, যে গতিতে পানি নামছে তাতে পুরো পানি নামতে আরও চার-পাঁচ দিন সময় লাগবে। এই সময়ের মধ্যে বীজতলা পচে যাবে। এ অবস্থায় আমন বীজসংকটের আশঙ্কা করছেন তাঁরা। আবার নতুন করে বীজতলা করে আমন ধান রোপণ করতে আশ্বিন মাস প্রায় শেষ হয়ে যাবে। এই সময় আমন ধান আবাদ করলে তেমন ফলন হবে না। এসব হিসাব-নিকাশ কষে বরগুনার কয়েক হাজার কৃষকের দুশ্চিন্তার শেষ নেই।অবশ্য বরগুনা সদর উপজেলার কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ গতকাল দুপুরে বলেন, ‘আমি একদিন আগেও খুব হতাশ ছিলাম। কিন্তু আজ (গতকাল) সরেজমিন ঘুরে আশাবাদী যে বীজতলার তেমন ক্ষতি হবে না। পানি নামতে আরও দুই-তিন দিন লাগবে। এতে সর্বোচ্চ ২০ শতাংশ বীজতলার ক্ষতি হতে পারে। এতে আমন চাষ ও উৎপাদনে তেমন প্রভাব পড়বে না।’বরগুনা সদর উপজেলার খাজুরতলা গ্রামের কৃষক খলিল মিয়া বলেন, ‘এহন নতুন কইর‌্যা বীজ পামু কই? যদি ধার-দেনা কইর‌্যা ধান কিইন্না নতুন বীজতলা করি, তাইলে হেইয়্যা বড় অইবে আশ্বিন মাসের শ্যাষ দিগে। হেই সময় ধান রুইলে (রোপণ করলে) চারায় পুষ্টি পাইবে না। পুষ্টি না পাইলে ধান সব চিডা (চিটা) অইয়্যা যাইবে।’ বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত ছয় দিনের অব্যাহত বর্ষণ ও নিম্নচাপের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে জেলায় আমনের ৩০ হাজার ছয় হেক্টর জমি, ছয় হাজার ৯২৯ হেক্টর জমির রোপা আউশ, ৮৮৬ হেক্টর জমির উফশী আউশ, পাঁচ হাজার ৪৫ হেক্টর জমির স্থানীয় জাতের ব্রি ধান ও ৪৮৭ হেক্টর জমির সবজি খেত পানিতে নিমজ্জিত রয়েছে। বরগুনা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপপরিচালক হাফিজ উদ্দীন আহাম্মদ গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত (গতকাল) বহাল রাখা হয়েছে।