বরগুনায় পানির ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
বরগুনায় একটি বাড়ির ভূগর্ভস্থ পানি সংরক্ষণ ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের ডিকেপি রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল সকালে ওই এলাকায় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সার্টিফিকেট সহকারী রাজ্জাক মৃধার বাড়ির পানির ট্যাংক পরিষ্কার করতে যান শ্রমিক বাবুল (৩০) ও বিপুল (৩০)। ট্যাংকের ঢাকনা খুলে প্রথমে ভিতরে ঢোকেন বাবুল। অনেক সময় তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে বিপুলও ট্যাংকের ভেতর নামেন। এরপর ২০-২৫ মিনিট পার হয়ে যায়। দুজনের কারও কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজনের সন্দেহ হয়। তাঁরা ফায়ার সার্ভিসে খবর দেন। আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করেন।নিহত শ্রমিকদের স্বজনেরা জানান, ৫০০ টাকা চুক্তিতে তাঁরা দুজন পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়েছিলেন। বাবুল সরকারের স্ত্রী অনিমা রানী জানান, অর্পণা নামে তাঁর এক বছরের একটি সন্তান আছে। বিপুল দাসের স্ত্রী রিতা রানী জানান, তাঁদের সংসারে দুই সন্তান ও বৃদ্ধা শাশুড়ি আছেন।