বরগুনায় পুকুর খননে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় বিশুদ্ধ পানির সংকটকবলিত এলাকায় ২০টি পুকুর পুনঃখনন ও বালুর ফিল্টার নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) আর্থিক সহায়তায় এসব পুকুর খনন করা হচ্ছে।
জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, জেলার যেসব এলাকায় বিশুদ্ধ পানির সংকট আছে, সেসব এলাকায় পানির সংকট দূর করার লক্ষ্যে ২০টি বড় পুকুর পুনঃখনন ও প্রতিটি পুকুরে একটি করে বালুর ফিল্টার (পিএসএফ) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। গত বছরের ১৩ নভেম্বর দুই কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে বরগুনা সদর উপজেলায় চারটি, পাথরঘাটায় ১৪টি এবং বামনা উপজেলায় দুটিসহ ২০টি পুকুর খননকাজের দরপত্র সম্পন্ন হয়। পাঁচটি গুচ্ছে এসব পুকুর খননের কাজ পায় বরগুনার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বেলায়েত হোসেন অ্যান্ড কনসোর্টিয়াম, শামীমা ট্রেডার্স, মিথুন ট্রেডার্স, নাহার কনস্ট্রাকশন ও মেসার্স কামাল এন্টারপ্রাইজ।
সদর উপজেলার গাজী মাহমুদ গ্রামে গিয়ে দেখা যায়, স্থানীয় কবির চৌকিদারের বাড়ির সামনের পুকুরটি ১৪ ফুট খনন করার কথা থাকলেও খনন করা হয়েছে নয় ফুট। এ ছাড়া পুকুরের পাশে বালুর ফিল্টার নির্মাণ করা হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে। ফিল্টার নির্মাণের কাজে নিয়োজিত রাজমিস্ত্রি আ. রব বলেন, ‘ঠিকাদার যেভাবে কাজ করতে বলেছেন, আমরা সেভাবে কাজ করছি।’
পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের মজিবুর রহমানের বাড়ির পুকুর, শিংড়াবুনিয়া খাসপুকুর, কাঁঠালতলী ইউনিয়নের কাদের তালুকদারের বাড়ির পুকুর খননকাজের ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ করেন ভুক্তভোগীরা। মজিবুর রহমান বলেন, প্রাক্কলন অনুযায়ী তিন স্তরে পুকুরের মাটি খননের কথা থাকলেও দুই স্তর খনন করা হয়েছে। ঠিকাদার আবুল হোসেন বলেন, ‘যদি কাজে সমস্যা থাকে, তা ঠিক করে দেব।’
ক্ষমতাসীন দলের সাংসদ শওকত হাচানুর রহমানের মালিকানাধীন মেসার্স নাহার কনস্ট্রাকশনের নামে চারটি এবং নিজের প্রতিষ্ঠান কামাল এন্টারপ্রাইজের নামে চারটিসহ পাথরঘাটার আটটি পুকুর খননের কাজ করছেন বরগুনার ঠিকাদার কামাল হোসেন। তিনি বলেন, ‘আমি প্রাক্কলন অনুযায়ী কাজ করাচ্ছি। কোনো অনিয়ম হয়নি।’ সাংসদ শওকত হাচানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার লাইসেন্সের অনুকূলে আমি কোনো কাজ করি না। আমার লাইসেন্সের অনুকূলে কামাল হোসেন পুকুর খননের কাজ করছেন। প্রাক্কলন অনুযায়ী কাজ হচ্ছে কি না, তা আমার জানা নেই।’
বরগুনার জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এম এ মান্নান বলেন, পুকুর খনন কমবেশি হতে পারে। বিলও সেই অনুযায়ীই দেওয়া হবে। নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, অভিযোগ খতিয়ে দেখে এবং যথাযথভাবে পরিমাপ করে চূড়ান্ত বিল পরিশোধ করা হবে।