বরগুনায় প্রকৌশলীর বাড়ি ঘিরে উন্নয়ন প্রকল্পের সমাহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রকল্পের টাকায় নিজের বাড়ির সামনে একটি তিনতলা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। জেলা পরিষদের টাকায় একটি একতলা ভবন। কুয়েতি দাতব্য সংস্থার টাকায় নিজের বাড়িতে আরও একটি একতলা ভবন এবং নিজের বাড়ি, শ্বশুরবাড়ি ও নানার বাড়িতে একটি করে মসজিদ। গবাদিপশুর জন্য মাটির কেল্লা তৈরির সরকারি প্রকল্পের টাকায় শ্বশুরবাড়ি, নানার বাড়ি ও নিজের বাড়ির পুকুরের চারপাশ ও ঘাট বাঁধাই। এই দুই আত্মীয়ের বাড়িমুখী গ্রামীণ রাস্তা পাকাকরণ। নিজের বাড়ির সামনের খালে এলজিইডির টাকায় স্বল্প দূরত্বে তিনটি কালভার্ট নির্মাণ। নিজেকে ঘিরে আনুমানিক সাড়ে তিন কোটি টাকার উন্নয়ন প্রকল্পের এই সমাহার ঘটিয়েছেন একজন সরকারি প্রকৌশলী।

আবদুস ছত্তার হাওলাদার নামের এই প্রকৌশলীর বাড়ি বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামে। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি এলজিইডির বরগুনা কার্যালয়ের সহকারী প্রকৌশলী ছিলেন। বর্তমানে তিনি বরিশাল সদর উপজেলা প্রকৌশলী।

তবে প্রকৌশলী আবদুস ছত্তারের দাবি, এ সবই তিনি করেছেন এলাকার জন্য, ব্যক্তিগত স্বার্থে নয়।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) বরগুনা কার্যালয় সূত্র জানায়, ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের পর একটি আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে ঘূর্ণিঝড়ে পুনরুদ্ধার ও পুনর্বাসন প্রকল্পের (ইসিআরআরপি) আওতায় ২০১১-১২ অর্থবছরে ১ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামে তিনতলা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ শুরু হয়। কাজ শেষ হয় গত বছরের জুনে। এখন পর্যন্ত এটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

এলজিইডির কর্মকর্তারা জানান, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয় মূলত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে, যাতে এসব ভবন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করা যায়। আবার দুর্যোগের সময় দুর্গত লোকজন এসব কেন্দ্রে আশ্রয় নিতে পারে। এ প্রক্রিয়ায় আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য কোনো জমি দেওয়ার প্রয়োজন হয় না। কেবল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মতি নিতে হয়। কিন্তু আমতলীর আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে এলজিইডিরই বরগুনা কার্যালয়ের তখনকার সহকারী প্রকৌশলী আবদুস ছত্তারের বাড়ির সামনে।

জানতে চাইলে গুলিশাখালী ইউনিয়নের চেয়ারম্যান নূরুল ইসলাম গত শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘পরিকল্পনা নেওয়ার সময় আমি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রটি গুলিশাখালী মাধ্যমিক বিদ্যালয়ে অথবা গুলিশাখালী নদীর পাশে জেলেপাড়ায় নির্মাণের প্রস্তাব করেছিলাম। কিন্তু প্রকৌশলী ছত্তার নিজের বাড়ির সামনে অস্তিত্বহীন শিক্ষাপ্রতিষ্ঠান দেখিয়ে কেন্দ্রটি সেখানে নিয়ে যান।’

আপনারা তখন এলজিইডিতে লিখিত আপত্তি জানিয়েছেন কি না, জানতে চাইলে চেয়ারম্যান নূরুল ইসলাম বলেন, ‘লিখিত দিয়ে কী হবে। ওই দরপত্র কমিটির সদস্যসচিব ছিলেন আবদুস ছত্তার নিজেই। সেখানে লিখিত দিয়ে কী ফল পেতাম।’ তিনি বলেন, শুধু আশ্রয়কেন্দ্র নয়, বাড়ির সামনের ও পেছনের পুকুর খনন থেকে শুরু করে পুকুরের চারপাশ বাঁধাই, দুটি করে ঘাটলা, বাড়ির সামনে থেকে পেছন পর্যন্ত পাকা রাস্তা করা, অস্তিত্বহীন মাদ্রাসার নামে একাধিক ভবন, এমনকি বাড়ির পাশের ছোট্ট একটি খালে তিনটি সেতু পর্যন্ত আবদুস ছত্তার করে নিয়েছেন। তাঁর নানার বাড়ি, শ্বশুরবাড়িতে যেতে কয়েক কিলোমিটার রাস্তা, তাঁদের বাড়ির পুকুর ও ঘাটলা বাঁধাই করেছেন। সব হয়েছে সরকারি টাকায়।

গত শনিবার আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামে প্রকৌশলী ছত্তার হাওলাদারের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে তিনতলা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। এর সামনে লেখা ‘হাজি আবদুল গণি মাদ্রাসা কাম সাইক্লোন শেল্টার’। একই ভবনের অন্য পাশে লেখা ‘গুলিশাখালী আলহাজ আবদুল খালেক বি এম কলেজ’। মাদ্রাসা বা কলেজের সাইনবোর্ড থাকলেও সেখানে কোনো টেবিল-চেয়ার-বেঞ্চ বা অন্য কোনো আসবাব নেই। পুরো ভবনটি অব্যবহৃত পড়ে আছে।

স্থানীয় কয়েকজন পরিচয় গোপন রাখার শর্তে প্রথম আলোকে বলেন, ওই ভবনে কোনো কলেজ ও মাদ্রাসার কার্যক্রম নেই। শিক্ষক-শিক্ষার্থীও নেই।

গুলিশাখালী গ্রামের শাহীন গাজী, লিটন জমাদ্দার, সিদ্দিকুর রহমান, সুলতান গাজীসহ কয়েকজন বলেন, প্রকৌশলী আবদুস ছত্তার হাওলাদারের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের তিনতলা ভবনটি সেখানে নির্মাণ করা হলে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকার হতো। তাঁরা জানান, এক বছর ধরে আশ্রয়কেন্দ্রটি অব্যবহৃত পড়ে আছে। এর নিচতলার খোলা স্থানে গরু-ছাগল রাখছেন প্রকৌশলীর পরিবারের লোকজন।

আশ্রয়কেন্দ্রটির পাশে আছে আরও দুটি একতলা ভবন। তার একটিতে আবদুল গণি এতিমখানার সাইনবোর্ড। তবে সেখানে কোনো এতিম শিক্ষার্থী ছিল না। আরেকটি ভবন নির্মাণসামগ্রীর গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখানে কোনো সাইনবোর্ড নেই। এর একটি নির্মিত হয়েছে জেলা পরিষদের নেওয়া উন্নয়ন প্রকল্পের টাকায়। আরেকটি নির্মিত হয়েছে কুয়েতি দাতব্য সংস্থা আল ফোরকান ফাউন্ডেশনের টাকায়। বাড়ির সামনে একটি মসজিদও করা হয়েছে এই প্রতিষ্ঠানের অনুদানে। মসজিদের জন্য অনুদান পেয়েছেন প্রায় ১২ লাখ টাকা।

বরগুনা জেলা পরিষদের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা বলেন, ২০১১-১২ অর্থবছরে প্রকৌশলী আবদুস ছত্তারের বাড়িতে নয় লাখ টাকা ব্যয়ে আবদুল গণি এতিমখানার জন্য একটি ভবন নির্মাণ করা হয়।

স্থানীয় বাসিন্দা মো. সোহাগ অভিযোগ করেন, ছত্তার হাওলাদার সরকারি খালের বড় অংশ ভরাট করে এসব ভবন নির্মাণ করেছেন। এতে খালের পানিপ্রবাহ বিঘ্নিত হয়ে এলাকার মানুষের কৃষিকাজ ব্যাহত হচ্ছে।

স্থানীয় চেয়ারম্যান বলেন, আবদুস ছত্তারের বাবার নামে করা এতিমখানায়ও কোনো এতিম নেই। অথচ ১৫ জন এতিম শিক্ষার্থী দেখিয়ে প্রতি মাসে জনপ্রতি এক হাজার টাকা করে সরকারি অনুদান তোলেন।

একই অর্থবছরে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কবল থেকে গবাদিপশু রক্ষার জন্য ইসিআরআরপি প্রকল্পের আওতায় ৭৮ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ছয়টি মাটির কেল্লা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এই ছয়টি কেল্লার তিনটিই নিয়ে যান প্রকৌশলী ছত্তার। কিন্তু ওই তিন কেল্লার টাকায় নিজের বাড়ির দুটি এবং নানার বাড়ি ও শ্বশুরবাড়ির একটি করে পুকুরের পাড় বাঁধাই ও ঘাটলা নির্মাণ করা হয়। এ ছাড়া নিজের বাড়ির মাঝখান দিয়ে সামনে থেকে বাড়ির শেষ মাথা পর্যন্ত পথ পাকা করা হয়েছে।

আবদুস ছত্তারের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে কেওড়াবুনিয়ায় তাঁর শ্বশুরবাড়ি ও পাঁচ কিলোমিটার দূরে বাজারখালী গ্রামে তাঁর নানার বাড়ি। ওই দুই বাড়িতে গিয়ে দেখা যায়, দুই বাড়ির দুটি পুকুরের পাড় বাঁধাই করা। এ ছাড়া প্রত্যন্ত এলাকায় ওই দুই আত্মীয়ের বাড়িমুখী পিচঢালা রাস্তাও নির্মাণ করা হয়েছে। দুই বাড়ির সামনে আছে কুয়েতি সংস্থার টাকায় নির্মিত দুটি মসজিদ।

এসব বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী আবদুস ছত্তার বলেন, ‘কলেজ করেছি, মাদ্রাসা করেছি। এগুলো এলাকার স্বার্থে করেছি, এটা কি আমার অন্যায়?’ তিনি বলেন, ‘আমার ছোট ভাই এলাকায় চেয়ারম্যান নির্বাচন করার ঘোষণা দেওয়ার পরপরই এলাকার একটি মহল আমার এসব উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।’

তিনটি মাটির কেল্লা নির্মাণ না করার বিষয়ে আবদুস ছত্তার বলেন, ‘এসব কেল্লার জন্য কেউ জমি দিতে চাইছিল না। আমি চিন্তা করলাম, বিদেশি অর্থ ফেরত যাবে, এতে সরকার ক্ষতিগ্রস্ত হবে; এ জন্য আমার আত্মীয়স্বজনকে জমি দিতে রাজি করিয়ে এগুলো নিয়েছি। এটা কোনোক্রমেই ক্ষমতার অপব্যবহার হতে পারে না।’ তবে কেল্লা নির্মাণ না করে পুকুরের পাড় বাঁধাই করার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

সরকারি উন্নয়ন প্রকল্পের এই অবস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করলে এলজিইডি বরগুনার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম গত শিনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমি এখানে যোগদানের আগেই এসব প্রকল্প সম্পন্ন হয়েছে।’ সরকারি একজন প্রকৌশলীর বাড়িতে আশ্রয়কেন্দ্র ও অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের যৌক্তিকতা কতটুকু জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু আমার আগের সহকর্মীরা এসব প্রকল্প অনুমোদন করেছেন, তাই এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’