বরগুনায় প্রবল বর্ষণে পচে গেছে আমনের অধিকাংশ বীজতলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থেমে থেমে ১০ দিনের বৃষ্টিতে বরগুনার বিভিন্ন এলাকায় আমনের বেশির ভাগ বীজতলা নষ্ট হয়ে গেছে। এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এ অবস্থা দেখা দিয়েছে। এতে জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একাধিক কর্মকর্তা বলেন, এবার জেলায় ৯৩ হাজার ৯৯৪ হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এসব জমিতে আমন আবাদের জন্য আট হাজার ২৫০ হেক্টর জমিতে বীজতলা করা হয়। কিন্তু প্রবল বর্ষণের কারণে অধিকাংশ এলাকার বীজতলা এখন ডুবে আছে। এতে বীজতলার চারাগুলোতে পচন ধরেছে। নতুন করে বীজতলা করারও কোনো উপায় এখন নেই।
কৃষি সম্প্রসারণ বিভাগ বরগুনার উপপরিচালক মো. তৌহিদ বলেন, প্রবল বর্ষণে জেলার ৪০ থেকে ৫০ শতাংশ আমনের বীজতলা পানিতে নিমজ্জিত রয়েছে। তবে তাঁর দাবি, নতুন করে বীজতলা তৈরির জন্য এখনো যথেষ্ট সময় হাতে আছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরগুনা কার্যালয়ের বারিপাত পরিমাপক বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফাতিমা বেগম জানান, ১৬ থেকে ২৫ জুলাই পর্যন্ত ৪৫৭ দশমিক ২৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। কলাপাড়া আবহাওয়া কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার চক্রবর্তী জানান, বর্ষা মৌসুমে বরিশাল অঞ্চলে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৫১৯ মিলিমিটার।
বরগুনা সদরের খাজুরতলা গ্রামের কৃষক আবুল হোসেন হাওলাদার বলেন, তিনি আমনের জন্য বীজতলা করেছিলেন ১৫ দিন আগে। এরপর জমি চাষ করে চারা রোপণের জন্য প্রস্তুত করলেও টানা বর্ষণে তা আর রোপণ করতে পারেননি। এখন বীজতলার সব চারা নষ্ট হয়ে গেছে।
একই এলাকার কৃষক খলিল হাওলাদার বলেন, খাজুরতলা খালের জলকবাট দিয়ে যথাসময়ে পানি ওঠা-নামা করতে পারে না বলে দক্ষিণ খাজুরতলা, লাকুরতলা, বেতবুনিয়া, সোনারবাংলাসহ আশপাশের ১০টি গ্রামে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
গত শনিবার দুপুরে আমতলী উপজেলার হলদিয়া, আঠারগাছিয়া, আমতলী সদর এবং তালতলীর ছোটবগী, পচাকোড়ালিয়া ইউনিয়ন ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ পানিতে তলিয়ে আছে। খাজুরতলা খালের জলকবাট দিয়ে পানিনিষ্কাশন হচ্ছে না।
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর আমতলী ও তালতলী উপজেলার ১৪ ইউনিয়নে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৯ হাজার ৫০০ হেক্টর। অতিবর্ষণে দুই উপজেলার আমনের বীজতলার ৯০ শতাংশই নষ্ট হয়ে গেছে। পানিনিষ্কাশন না হওয়ায় আমতলীর আঠারগাছিয়া, হলদিয়া, চাওড়া, আমতলী সদর, কুকুয়া, আড়পাঙ্গাশিয়া ও তালতলীর পচাকোড়ালিয়া, শারিকখালী, কড়াইবাড়িয়া, ছোটবগী ও বড়বগী ইউনিয়নের অধিকাংশ এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামের কৃষক আবদুল জব্বার মৃধা বলেন, ‘আমনের বীজতলার খেত পানির জন্য তৈরি করতে পারছি না। এভাবে পানিতে তলিয়ে থাকলে আমন ধানের চারা রোপণ করা সম্ভব হবে না।’
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা এস এম বদরুল আলম বলেন, অতিরিক্ত জলাবদ্ধতার কারণে আমন আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে সংশয় দেখা দিয়েছে।