বরগুনায় প্রবাসী খুন, স্ত্রীসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বামনা উপজেলার দক্ষিণ ভাইজোড়া গ্রামে গত রোববার দিবাগত রাতে ফারুক ফরাজি (৩৮) নামের সৌদি আরব প্রবাসী এক ব্যক্তি খুন হয়েছেন।এ ঘটনায় সোমবার দুপুরে ফারুকের স্ত্রী আসমা বেগম (২৬), তাঁর ভাই খলিলুর রহমান পাহলান (২৮), ফারুকের প্রতিবেশী শুক্কুর আলী (৩৫) ও আমতলীর নুরুল আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে বামনা থানায় হত্যা মামলা করেছেন নিহত ফারুকের বাবা আবদুল আলী ফরাজি। গ্রেপ্তার হওয়া চারজনকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে বরগুনা জেলহাজতে পাঠানো হয়েছে।বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী গতকাল দুপুরে প্রথম আলোকে জানান, ফারুকের স্ত্রী আসমা ও নুরুল আলম পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তাঁরা দুই ভাড়াটে খুনি দিয়ে ফারুককে হত্যা করিয়েছেন। ভাড়াটে খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।বামনার দক্ষিণ ভাইজোড়া গ্রামের লোকজন জানান, ফারুকের সঙ্গে নয় বছর আগে আসমার বিয়ে হয়। তাঁদের তিন বছরের একটি মেয়ে রয়েছে। ফারুক সৌদি আরবে থাকায় আসমা পাথরঘাটা উপজেলার কামারহাট গ্রামে বাবার বাড়িতে থাকতেন। আমতলী উপজেলার ডালাচারা গ্রামের নুরুল আলম ওই বাড়িতে থেকে পাথরঘাটা পৌরসভার পানি সরবরাহ লাইনে চাকরি করতেন। সপ্তাহখানেক আগে ফারুক সৌদি আরব থেকে ছুটি নিয়ে দেশে এলে আসমা দক্ষিণ ভাইজোড়া গ্রামে স্বামীর বাড়ি চলে যান।প্রতিবেশীরা জানান, রোববার রাত একটার দিকে আসমা ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিৎকার দিলে প্রতিবেশীরা এসে ফারুকের রক্তাক্ত লাশ দেখতে পান। এ সময় আসমা ছাড়া বাড়ির অন্য সদস্যরা অচেতন ছিলেন। প্রতিবেশীরা ফারুকের বাবা আবদুল আলী ফরাজি, মা রহিমা বেগম (৬০) ও আত্মীয় সোলেমান গাজীকে (৫০) উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।পুলিশ ও এলাকাবাসীর ধারণা, ফারুককে হত্যার উদ্দেশ্যে রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মেশানো হয়। ওই খাবার খেয়ে ফারুক, তাঁর বাবা, মা ও আত্মীয় সোলায়মান গাজী অচেতন হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় ফারুককে ছুরিকাঘাতে হত্যা করা হয়।বামনা থানার ওসি মোবাশ্বের আলী জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে সোমবার দুপুর ১২টার দিকে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। ফারুককে হত্যার বিষয়টি যে পরিকল্পিত, এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে আসমাকে আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর নুরুল ও ভাই খলিলুরকে পাথরঘাটা থেকে আটক করে সেখানকার পুলিশ। আর প্রতিবেশী শুক্কুরকে বরগুনা শহর থেকে আটক করা হয়।ওসি জানান, আটকের সময় নুরুলের পকেটে তিন ভরি সাত আনা ওজনের স্বর্ণালঙ্কার, সাড়ে তিন ভরি ওজনের রুপার নূপুর ও সাত হাজার ৫৯০ টাকা এবং শুক্কুরের কাছ থেকে ২৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে রাতে হত্যা মামলা হলে চারজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।