বরগুনায় বনায়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ
বরগুনায় বন বিভাগের আওতায় এক কোটি ২৯ লাখ টাকার একটি প্রকল্পের বনায়নের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।জানা গেছে, বন বিভাগের বরগুনা ও পাথরঘাটা রেঞ্জের আওতায় বরগুনা সদরে জাতিসংঘ উন্নয়ন তহবিলের (ইউএনডিপি) অর্থায়নে ‘বাংলাদেশের উপকূলীয় এলাকার জনগোষ্ঠীর জলবায়ুর প্রভাব মোকাবিলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প’ (সিবিএসিসিএফ)-এর আওতায় সামাজিক বনায়ন, গোলপাতা বন ও শ্বাসমূলীয় বনায়নের দুই বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্পের আওতায় ২০১০-১১ ও ২০১১-১২ অর্থবছরে ১৮০ কিলোমিটার সামাজিক বন, ২৬০ হেক্টর গোলপাতা বাগান ও ১০০ হেক্টর কেওড়া বাগান করার জন্য প্রায় এক কোটি ২৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।প্রকল্পের আওতাধীন খাকদোন নদের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পোটকাখালী খেয়াঘাট থেকে পশ্চিমে বিষখালী নদীর মোহনা পর্যন্ত কিছু গোলগাছের চারা রোপণ করা হয়েছে। পোটকাখালী ও বরইতলা এলাকার বাসিন্দাদের তথ্যমতে, সব মিলিয়ে ২০-২৫ হাজারের বেশি গোলচারা বাস্তবে নেই। সদরের নলটোনা ইউনিয়নের কুমিরমারা ও সোনাতলা এলাকায় গিয়েও একই অবস্থা দেখা যায়।গাছের চারা রোপণকারী শ্রমিক সাদেকুর রহমান ও মো. ইলিয়াস জানান, কুমিরমারা থেকে সোনাতলা পর্যন্ত চরে তাঁরা দুই বছরে ২২ হাজার গোলচারা ও ৬০ হাজারের মতো কেওড়াগাছের চারা রোপণ করেছেন। তবে বন বিভাগের কুমিরমারা টহলচৌকির বনপ্রহরী তোফাজ্জল হোসেন দাবি করেন, ‘এখানে আমরা চার থেকে সাড়ে চার লাখ গোলচারা ও আড়াই লাখের মতো কেওড়াচারা রোপণ করেছি।’কুমিরমারা ও সোনাতলা চরে গিয়ে দেখা গেছে, সামান্য কিছু কেওড়াগাছের চারা বড় হয়ে উঠেছে। তার ফাঁকে ফাঁকে কিছু গোলগাছের চারা রয়েছে। কুমিরমারা গ্রামের বাসিন্দা তোজক আলী জানান, সামান্য গাছ রোপণ করে বেশির ভাগ টাকাই বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা খেয়ে ফেলেছেন। যেসব চারা রোপণ করা হয়েছিল তার ১০ ভাগও টেকেনি।এসব অনিয়মের বিরুদ্ধে নলটোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম গত মার্চে প্রধান বন সংরক্ষকের বরাবর একটি লিখিত অভিযোগ দেন। পরে এ নিয়ে জেলা জজ আদালতে তিনি একটি মামলাও করেন। তবে শহিদুল ইসলাম দাবি করেন, ‘আমি মামলা করার পর কাজ করানো হয়েছে।’প্রকল্পের অধীনে ৫২ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে সদরের ১৮০ কিলোমিটার রাস্তায় সামাজিক বাগান করার কথা থাকলেও বাস্তবে তার অস্তিত্ব পাওয়া যায়নি। বন বিভাগের কর্মকর্তাদের দাবি, গত দুই বছরে তাঁরা তিন লাখ ৪৮ হাজার বিভিন্ন জাতের গাছ রোপণ করেন।অভিযোগ প্রসঙ্গে বন বিভাগের বরগুনা সদরের ওই সময়ের রেঞ্জ কর্মকর্তা (বর্তমানে ভোলায় কর্মরত) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি যত দূর কাজ করে এসেছি তাতে কোনো অনিয়ম হয়নি।’ বরগুনা ও পাথরঘাটা দুটি রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আবদুল লতিফ জানান, সামাজিক বনায়নের যেসব চারা মরে গেছে সেসব স্থানে নতুন করে গাছ রোপণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আর গোল ও কেওড়া বাগানের বিশেষ করে কুমিরমারা ও সোনাতলা অংশে জোয়ারের তোড়ে অনেক চারা ভেসে গেছে। খাকদোন নদের ভেতরের অংশে মিঠাপানি থাকার কারণে অনেক গোলগাছের চারা মরে গেছে।পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দো বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। তবে লবণপানির অভাবে অনেক গোলচারা মরে গেছে। এ ছাড়া সামাজিক বনের ৪০ ভাগ চারা নষ্ট হয়েছে। সেগুলো পর্যায়ক্রমে লাগানো হবে।’