বরগুনায় বাঁধ ভেঙে ৪০ গ্রাম প্লাবিত
অমাবস্যার প্রভাবে সৃষ্ট প্রবল জোয়ারের চাপে গতকাল শুক্রবার বরগুনার ১৫টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রায় ২০ হাজার পরিবার পানিবন্দী হয়ে মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছে। জোয়ারের পানিতে এসব গ্রামের অন্তত এক হাজার পুকুরের মাছ ভেসে গেছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরগুনা কার্যালয়ের কর্মকর্তারা জানান, গতকাল জেলার সবগুলো নদনদীতে বিপৎসীমার ৩ দশমিক শূন্য ৩ মিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। নদনদীতে প্রবল জোয়ারের চাপে বরগুনা সদর, তালতলী, আমতলী ও পাথরঘাটা উপজেলার ১৫টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া পাথরঘাটা পৌর এলাকার পোতাভাঙা এলাকার প্রায় আধা কিলোমিটার, কাঁকচিড়া এলাকার সাত কিলোমিটার ও বরগুনা সদর উপজেলার ছোট বালিয়াতলী এলাকার এক কিলোমিটার বাঁধ মারাত্মক হুমকির মুখে রয়েছে। এদিকে বৃহস্পতিবার রাত থেকে বরগুনাসহ উপকূলে ঝোড়ো আবহাওয়া বিরাজ করছে। গতকাল সকালে তা আরও বাড়ে। জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের উপপরিচালক হাফিজ উদ্দীন আহামেঞ্চদ গতকাল জানান, উত্তর বঙ্গোপসাগর এলাকায় মৌসুমি বায়ু প্রবল থাকায় বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুর চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গতকাল সকালে বরগুনা সদরের বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী এলাকায় গিয়ে দেখা যায়, পায়রা নদীর পাড়ের প্রায় আধা কিলোমিটার বাঁধ ভেঙে নদীগর্ভে চলে গেছে। এই এলাকার আরও তিনটি স্থানে ফাটল ধরেছে। এলাকার বাসিন্দারা জানান, জোয়ারের পানিতে এলাকার প্রায় ৪০০ পুকুরের মাছ ভেসে গেছে। ছোট বালিয়াতলী, বড় বালিয়াতলী, রাখাইনপল্লি, ছোট তালতলী, মংকি গ্রামের প্রায় আড়াই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ছোট বালিয়াতলী এলাকার সেন্টু খান জানান, জোয়ারের পানিতে ঘরদোর তলিয়ে যাওয়ায় পরিবার নিয়ে পাশের রাস্তার উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। বড় বালিয়াতলী গ্রামের গৃহবধূ হাসিনা বেগম বলেন, ‘দুই রাইত ধইর্যা একফোটা ঘুমাইতে পারি না। ঘরের চুলায় পানিতে ডুইব্বা যাওনে রানতে পারি না।’ সদরের ডালভাঙা এলাকায়ও প্রায় আধা কিলোমিটার বাঁধ পানির চাপে গত কয়েক দিনে ভেঙে গেছে। ডালভাঙা, মাছখালী, মোল্লারহোরা গ্রামের প্রায় দেড় হাজার লোক পানিবন্দী হয়ে পড়েছে। সদরের নলটোনা ইউনিয়নের গাজী মাহমুদ, পশ্চিম নিশানবাড়িয়া, লতাকাটা গ্রামেও পানি ঢুকে পড়ায় এসব গ্রামের প্রায় এক হাজার পরিবারকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তালতলী উপজেলার নলবুনিয়া এলাকার প্রায় দেড় কিলোমিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় তেঁতুলবাড়িয়া, নলবুনিয়া, অংকুজানপাড়া, জয়ালভাঙা, আগাপাড়া গ্রামের চার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এলাকার প্রায় ৫০০ পুকুরের মাছ ভেসে গেছে। এ ছাড়া আমতলী উপজেলার ঘটখালী এলাকায় এক কিলোমিটার, পাথরঘাটার খলিফারহাট, জিনতলা, পদ্মা, তাফালবাড়িয়া, রুহিতা এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্রায় ১০ হাজার পরিবারের ঘরবাড়ি প্লাবিত হয়েছে। পাউবো বরগুনা জেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবুল হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘১৫টি স্থানে বাঁধ বিলীন হয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। এ ছাড়া আরও কমপক্ষে তিনটি স্থানে বাঁধ হুমকির মধ্যে আছে।’ তিনি বলেন, ‘আমরা কি করব, এসব বাঁধ মেরামতের জন্য বরাদ্দ চেয়ে লিখতে লিখতে ফাইল উঁচু হয়ে গেছে। কিন্তু পাউবোর তহবিলে অর্থ নেই বলে বরাদ্দ দেওয়া হয়নি।’ তিনি আরও বলেন, ‘উপকূলের নদনদীতে কেবল পানি বাড়তে শুরু করেছে তাতেই এই অবস্থা, সামনে আরও সাত-আট ফুট পানি বাড়বে তখন অবস্থা যে কী দাঁড়াবে তা ভাবতে পারছি না।’