বরগুনায় বাঁধ মেরামত প্রকল্পে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতায় ইমারজেন্সি সাইক্লোন রিকভারি অ্যান্ড রেস্টোরেশন (ইসিআরআরপি) প্রকল্পের বাঁধ মেরামতের কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
বরগুনা পাউবোর কর্মকর্তারা বলেন, ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে এই প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্পের আওতায় জেলার ১২টি পোল্ডারের আওতাভুক্ত বাঁধ মেরামতকাজে তিন ধাপে ১৯৯ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০১১ সালে প্রথম ধাপে প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে ছয়টি পোল্ডারের প্রায় ১০০ কিলোমিটার বাঁধ মেরামতের কাজ শুরু হয়। ২০১১-১২ অর্থবছরে পাথরঘাটা উপজেলার ৪০/১ ও ৩৯/১ ডি পোল্ডারের ১০ দশমিক ৭ কিলোমিটার বাঁধ মেরামতের জন্য ১৪ কোটি ৭০ লাখ টাকার কার্যাদেশ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান পারিশা এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির নামে কাজ নেন বামনা উপজেলার হেমায়েত উদ্দীন ও সগির হোসেন। অভিযোগ রয়েছে, নামমাত্র কাজ করে ছয় কোটি ৬৫ লাখ টাকা তুলে নিয়ে গেছেন ঠিকাদাররা। একইভাবে বামনার ৩৯/২ এ পোল্ডারের অধীনে ১৪ কিলোমিটার বাঁধের প্রায় সাত কোটি টাকার কাজ কার্যাদেশ পায় রাজশাহীর ঠিকাদার খন্দকার মইনুল ইসলাম। এই বাঁধটিতেও সামান্য কাজ করেই দুই কোটি ৫৩ লাখ টাকা তুলে নেন ঠিকাদার। তবে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না হওয়ায় এই ঠিকাদারের কার্যাদেশ বাতিল করা হয়েছে।
সরেজমিন দেখা গেছে, ৪০/১ ও ৩৯/১ ডি পোল্ডারের অধীনে পাথরঘাটার হাজিরখাল থেকে বাদুড়তলা লঞ্চঘাট এবং সেখান থেকে বড়টেংরা খাল পর্যন্ত ১০ কিলোমিটার বাঁধ মাটি ফেলে কোনো রকমে মেরামত করা হয়েছে। প্রাক্কলন অনুযায়ী বাঁধের উচ্চতা ৫ দশমিক ১৮ এবং প্রস্থে ৪ দশমিক ৩০ মিটার হওয়ার কথা থাকলেও বাস্তবে তা উচ্চতায় সাড়ে চার মিটার এবং প্রস্থে তিন মিটারের বেশি নয়। অভিযোগ প্রসঙ্গে ঠিকাদার সগির হোসেন বলেন, ‘আমরা প্রাক্কলন অনুযায়ী কাজ করে বিল নিয়েছি। কোনো অনিয়ম করিনি।’ বরগুনা সদরের ৪১/৬ বি ও বেতাগী উপজেলার ৪১/৭ বি পোল্ডারের ৫৮ দশমিক ১২ কিলোমিটার বাঁধ মেরামতের জন্য ১৪ কোটি ২৬ লাখ টাকার কার্যাদেশ পায় ঢাকার ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কার্যাদেশও বাতিল করা হয়েছে।
সরেজমিন দেখা গেছে, বরগুনা সদরের বাওয়ালকর স্লুইস (জলকপাট) থেকে ডেমা হয়ে গুলিশাখালী বাজার পর্যন্ত ১০ কিলোমিটার বাঁধের কয়েকটি ভাঙা স্থান ভরাট করে পুরো বাঁধটির ওপরের অংশে চার-পাঁচ ইঞ্চি মাটি ফেলা হয়েছে। প্রাক্কলন অনুযায়ী, বাঁধটিকে ৪ দশমিক ৬ মিটার উঁচু এবং সাড়ে চার মিটার প্রশস্ত করার কথা থাকলেও বাস্তবে এর উচ্চতা চার মিটার এবং প্রস্থে সাড়ে তিন মিটারের বেশি নয়।
একইভাবে বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ৪১/৭ বি পোল্ডারের আওতাধীন বাঁধটি যেনতেনভাবে মেরামত করা হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকল্প প্রকৌশলী রইস হোসেন বলেন, ‘আমি ওখানে অল্প কিছুদিন ছিলাম। কাজ কেমন হয়েছে সেটা পাউবোর নির্বাহী প্রকৌশলী ও আমাদের প্রকৌশলী আরিফুর রহমানকে জিজ্ঞেস করলে জানতে পারবেন।’ আরিফুর রহমান অনিয়মের কথা অস্বীকার করে বলেন, ‘পাউবোর নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করেছি।’
পাউবোর বরগুনার নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ‘চারটি গুচ্ছের মধ্যে দুটির কাজ সম্পন্ন হয়েছে। বাকি দুটির কাজ নির্দিষ্ট সময়ে সম্পন্ন না হওয়ায় দুই ঠিকাদারের কার্যাদেশ বাতিল করা হয়েছে। এই দুটি গুচ্ছের একটিতে ৬৫ এবং অপরটিতে ৯৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। যতটুকু কাজ হয়েছে ওই দুই ঠিকাদারকে ততটুকুর বিল দেওয়া হয়েছে।’