বরগুনায় বাস ও লঞ্চে বাড়তি ভাড়া আদায়
ঈদের অজুহাতে বরগুনার বিভিন্ন রুটে চলাচলকারী দূরপাল্লার বাস ও লঞ্চগুলোতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বরগুনা থেকে ঢাকা ও অন্যান্য স্থানে চলাচলকারী বাসগুলোতে ১৩০ থেকে ৩০০ টাকা এবং ঢাকা-বরগুনা পথের লঞ্চগুলোর কেবিনে ৮০০ থেকে এক হাজার টাকা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা থেকে ঢাকাগামী বাসগুলোতে ঈদের আগে ভাড়া ছিল ৪৫০ থেকে ৫০০ টাকা। ঈদের পরদিন থেকে তা বাড়িয়ে ঢাকার সায়েদাবাদগামী বাসে ৫৮০ টাকা ও গাবতলীগামী বাসগুলোতে ৬৫০ টাকা ভাড়া নির্ধারণ করেন পরিবহন মালিকেরা। পরিবহন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বরগুনা থেকে পটুয়াখালী হয়ে ঢাকার পথে প্রতিদিন ২৪টি এবং চান্দখালী ও গৌরিচন্না থেকে আরও কমপক্ষে ১৫টি বাস চলাচল করে। চান্দখালী থেকে ছেড়ে যাওয়া বাসগুলোতে ৬৫০ থেকে ৭০০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। আগে এই ভাড়া ছিল ৪৫০ থেকে ৪৯০ টাকা। একইভাবে পাথরঘাটা থেকে ঢাকার পথে চলাচলকারী ২৫টি পরিবহনে ৪০০ টাকার জায়গায় ৬৫০ থেকে ৭০০ টাকা এবং আমতলী থেকে চলাচলকারী প্রায় ২৮টি বাসে ৫০০ টাকার জায়গায় ৬০০ থেকে ৭০০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে।বরগুনা-ঢাকা রুটে চলাচলকারী সাকুরা পরিবহনের স্থানীয় প্রতিনিধি নাসিরউদ্দীন মোল্লা অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘সরকার নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী বরগুনা থেকে ঢাকার ভাড়া ৬৫০ টাকা। কিন্তু আমরা সব সময় ৫০০ টাকা ভাড়া নিই। ঈদের সময় সেটা পুষিয়ে নিতে ভাড়াটা একটু বৃদ্ধি করি।’ পাথরঘাটা-ঢাকা রুটে চলাচলকারী দেশ পরিবহনের স্থানীয় প্রতিনিধি নাজমুল হক বলেন, ঈদের জন্য বাড়তি কিছু ভাড়া নেওয়া হচ্ছে। একইভাবে বরগুনা থেকে ঢাগাগামী লঞ্চগুলোতে দুই আসনের কেবিনে দেড় হাজার টাকার জায়গায় দুই হাজার ২০০ টাকা এবং এক আসনের কেবিনে এক হাজার টাকার জায়গায় এক হাজার ৪০০ টাকা করে নেওয়া হচ্ছে। আমতলী-ঢাকা রুটে চলাচলকারী লঞ্চগুলোর দুই আসনের কেবিন দেড় হাজার টাকার জায়গায় দুই হাজার ৫০০ টাকা এবং এক আসনের কেবিনে ৮০০ টাকার জায়গায় দেড় হাজার টাকা ভাড়া নেওয়া হচ্ছে। ডেকে ২০০ টাকার জায়গায় ২৫০ থেকে ৩৫০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। বরগুনা-ঢাকা রুটে চলাচলকারী এমভি মশিউর খানের ঘাট পরিদর্শক জাহিদ হোসেন মোল্লা জানান, সরকারি তালিকা অনুযায়ী দুই আসনের কেবিনের ভাড়া দুই হাজার ৮০০ টাকা। সেখানে সব সময় দেড় হাজার টাকা করে নেওয়া হয়। ঈদ উপলক্ষে দুই হাজার ২০০ টাকা নেওয়া হচ্ছে। এমভি নুসরাত লঞ্চের ঘাট পরিদর্শক মাসুম তালুকদার বলেন, ‘সরকার নির্ধারিত তালিকা অনুযায়ী যে ভাড়া আসে, তার কম নিচ্ছি।’