দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় বরগুনায় বিএনপি ও আওয়ামী লীগের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের বহিষ্কারের সুপারিশ কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সদর উপজেলা বিএনপির সভাপতি মো. হালিম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ও সাধারণ সম্পাদক আ. হক ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সদর উপজেলা বিএনপির কমিটিও বাতিল করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রসঙ্গে মো. হালিম বলেন, ‘আমাদের বহিষ্কার করতে হলে কেন্দ্রীয় কমিটির অনুমোদন নিতে হবে। জেলা কমিটির বহিষ্কার করার এখতিয়ার নেই।’
অপরদিকে বুধবার দুপুরে আমতলী উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুদ্দিন আহম্মেদ ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এ কে এম সামসুদ্দিন আহম্মেদ এবং ভাইস চেয়ারম্যান পদে সহসভাপতি নুরুল ইসলাম মৃধা প্রতিদ্বন্দ্বিতা করায় তাঁদের দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু উপস্থিত ছিলেন। সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই তিন বিদ্রোহী প্রার্থীকে তিনি বহিষ্কারের ঘোষণা দিয়ে উপজেলা আওয়ামী লীগের আরেক সহসভাপতি আ. কাদেরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। জি এম দেলোয়ার এই সিদ্ধান্তের কথা প্রথম আলোকে নিশ্চিত করেন।
অভিযোগ প্রসঙ্গে সামসুদ্দিন আহম্মেদ বলেন, ‘বহিষ্কারের কথা শুনেছি, তবে কোনো কাগজপত্র হাতে পাইনি। যদি এটা হয় তা অন্যায়। এটা দলীয় গঠনতন্ত্রসম্মত নয়।’