বরগুনায় বিএনপির পাঁচ নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন মামলায় বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক লে. কর্নেল (অব.) আবদুল খালেকসহ বিএনপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে তাঁরা বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসুম বিল্লাহর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিএনপির অপর চার নেতা হলেন বরগুনা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মাইনুল ইসলাম, জেলা ওলামা দলের সভাপতি শাহজালাল ও বরগুনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মজিবর রহমান।
আদালত সূত্র জানায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল খালেকের বিরুদ্ধে গত ৪ জানুয়ারি রাতে ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় দুটি এবং ২৫ নভেম্বর রাতে বাসে আগুন দেওয়ার ঘটনায় দ্রুত বিচার আইনে একটি ও একই দিনে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একটি মামলা রয়েছে। এ ছাড়া অন্য চারজনের বিরুদ্ধে বাসে আগুন দেওয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক মামলা রয়েছে।