বরগুনায় বিএনপির সম্ভাব্যপ্রার্থীরা মাঠে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন আগে বরগুনা সদর, পাথরঘাটা ও বেতাগী পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী চূড়ান্ত করা হলেও গতকাল মঙ্গলবার পর্যন্ত তাঁরা কেউ মাঠে নামেননি।
দলীয় সূত্রে জানা গেছে, গত রোববার জেলা বিএনপির সভায় মেয়র পদে তিনজনের মনোনয়ন স্থানীয়ভাবে চূড়ান্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বরগুনা জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম মোল্লা গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বরগুনা সদরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম পাথরঘাটা পৌরসভায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান খান ও বেতাগী পৌরসভায় বেতাগী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মল্লিককে প্রাথমিকভাবে দলীয় মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠিয়েছেন।
দলীয় সূত্র জানায়, স্থানীয়ভাবে যে তিনজনকে এবার মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বরগুনা সদরে এস এম নজরুল ইসলাম ২০০৪ সালে মেয়র পদে নির্বাচন করেন। এ ছাড়া পাথরঘাটায় মনোনয়ন পাওয়া মনিরুজ্জামান খান বয়সে তরুণ এবং স্থায়ীভাবে ঢাকায় থাকেন। তিনি উচ্চ আদালতের আইনজীবী। বেতাগী উপজেলায় মনোনয়ন পাওয়া হুমায়ুন কবির মল্লিকও ঢাকায় ব্যবসা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির মধ্যম সারির দুজন নেতা বলেন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে জনসমর্থন আছে এমন প্রার্থীরা মনোনয়ন নিতে এবার আগ্রহী নন। সে ক্ষেত্রে যোগ্য প্রার্থীর সংকট ছিল।
এদিকে বরগুনার তিন পৌরসভায় অনানুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময়, নানা কৌশলে মাঠপর্যায়ে সরব থাকলেও বিএনপির মেয়র প্রার্থী ও কর্মী-সমর্থকেরা মাঠে নেই। এ প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বরগুনা সদর পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এস এম নজরুল ইসলাম বলেন, মনোনয়ন দাখিল করার পর আনুষ্ঠানিকভাবে মাঠে নামব।
বেতাগী পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা নানাভাবে নির্বাচনী মাঠে দিন-রাত ভোটারদের আকৃষ্ট করার জন্য কাজ করলেও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হুমায়ুন কবির মল্লিক ও তাঁর কর্মী-সমর্থকদের কোনো তৎপরতা নেই। হুমায়ুন কবির গতকাল দুপুরে বলেন, মনোনয়নের চিঠি নেওয়ার জন্য ঢাকায় আছি।
পাথরঘাটা পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী মনিরুজ্জামান খান ঢাকায় আইন পেশায় নিয়োজিত। এ ছাড়া তাঁর পক্ষে কোনো প্রচারও নেই। মনিরুজ্জামান গতকাল বলেন, ‘আমার পক্ষে নেতা ও কর্মীরা এলাকায় কাজ করছেন। আমি মনোনয়নের চিঠি নেওয়ার জন্য ঢাকায় আছি। চিঠি নিয়ে আজ-কালের মধ্যে এলাকায় যাব।’