বরগুনায় বিচারকসংকট বিচারপ্রার্থীদের ভোগান্তি
বরগুনার আদালতগুলোতে বিচারক-সংকটের কারণে বিচার কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। জেলা জজ ও বিচারিক হাকিম আদালতের ১৮টি পদের মধ্যে জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজসহ ১০ জন গুরুত্বপূর্ণ বিচারকের পদ শূন্য রয়েছে। এসব আদালতে বিচারাধীন ২০ হাজারেরও বেশি মামলা। জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ভুবন চন্দ্র হাওলাদার বলেন, ‘বিচারপ্রার্থীদের ভোগান্তি এখন এতটাই যে মাসের পর মাস, বছরের পর বছর ঘুরেও প্রতিকার না পাওয়ায় আদালতের ওপর আস্থাহীনতার সৃষ্টি হচ্ছে।’আদালতের কর্মকর্তারা জানান, জেলা জজ ও বিচারিক হাকিম আদালতে বর্তমানে দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে ২০ হাজার ৩৩৬টি মামলা বিচারাধীন। বিচারপ্রার্থী বরগুনা সদর উপজেলার বাওয়াকর গ্রামের আবদুর রহমান বলেন, ‘২০০৬ সাল থেকে জমিজমাসংক্রান্ত একটি মামলায় আদালতের বারান্দায় ঘুরছি। বিচারক নেই, আজ না তো কাল—এভাবে করে এখনো সুরাহা পাইনি।’ বামনা উপজেলার বিচারপ্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, ‘বিচারক নেই বলে বছরের পর বছর আদালতে ঘুরেও মামলার কোনো কিনারা হয়নি।’হুমায়ুন কবির নামে পাথরঘাটার একজন বিচারপ্রার্থী বলেন, ‘দেড় বছর ধরে শুনানির জন্য ঘুরেও কোনো ফল পাচ্ছি না। কয়েক লাখ টাকা চলে গেছে, কিন্তু মামলা এগোচ্ছে না।’ বিচারকাজে অচলাবস্থা প্রসঙ্গে মুখ্য বিচারিক হাকিম আবদুুর রব হাওলাদার বলেন, ‘একজন বিচারককে দিয়ে প্রতিদিন দু-তিনটি করে আদালত চালানো খুবই দুঃসাধ্য ব্যাপার। এতে অতিরিক্ত চাপে মামলা নিষ্পত্তিতে ব্যাঘাত ঘটছে।’ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সিকদার বলেন, ‘মানুষ ন্যায়বিচারের স্বার্থে আদালতের শরণাপন্ন হন। কিন্তু সেখানে বছরের পর বছর ঘুরেও যখন সুরাহা পান না, তখন বিচারব্যবস্থার প্রতি তাঁদের আস্থা থাকে কী করে?’