বরগুনায় ব্যবসায়ীকে কুপিয়েছেন ছাত্রলীগ নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার তালতলী থানা (নবগঠিত উপজেলা) ছাত্রলীগের নেতা-কর্মীরা গত বুধবার রাতে সবুজ (২২) নামের স্থানীয় এক ব্যবসায়ীকে কুপিয়েছেন। আহত সবুজকে চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাতটার দিকে তালতলী বন্দরে থানা ছাত্রলীগের দুই সাবেক সভাপতি নয়ন ও পিন্টুর নেতৃত্বে তালতলী থানা ছাত্রলীগের কর্মী সাদ্দাম, স্বপনসহ সাত-আটজন অপর এক ছাত্রলীগ কর্মী তুহিনকে ধাওয়া করেন। আত্মরক্ষার্থে তুহিন দৌড়ে স্থানীয় প্লাস্টিকের সামগ্রী বিক্রেতা সবুজের দোকানে আশ্রয় নেন। এ সময় তুহিনকে ধাওয়া করার কারণ জানতে চাইলে ওই নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে সবুজকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। তুহিন জানান, পূর্বশত্রুতার জের ধরে কয়েকজনকে সঙ্গে নিয়ে তিন সহোদর নয়ন, সাদ্দাম ও স্বপন তাঁকে ধাওয়া করেছিলেন।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহালম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ছগির (২০) নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে।