বরগুনায় ব্যাপক জাল ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা-১ ও ২ আসনে ব্যাপকহারে জাল ভোট দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে ওই দুটি আসনের দুজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) এবং ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের দুটি কেন্দ্রে জাল ভোট দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও নিজস্ব প্রতিবেদকের পাঠানো খবর:
বরগুনা: বরগুনার দুটি আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীদের সমর্থকেরা কেন্দ্রে প্রভাব বিস্তার করতে শুরু করেন। বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলার সব কটি কেন্দ্র থেকে বরগুনা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন শিকদারের এজেন্টদের বের করে দিয়ে আওয়ামী লীগের সমর্থকেরা ইচ্ছেমতো নৌকা প্রতীকে সিল দিতে থাকেন। দুপুর ১২টার পর বামনা বেতাগী উপজেলার বিভিন্ন কেন্দ্র একইভাবে দখল করে নেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
বেলা ১১টার দিকে পাথরঘাটার বাদুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সেখানে কর্মরত প্রিসাইডিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান নিজেই ভোটারদের নৌকা প্রতীকে ভোট দিতে উদ্বুদ্ধ করছেন। একজন ভোটারকে তিন-চারটি করে ভোট দিতে দেখা গেছে। মোস্তাফিজুর রহমানকে প্রশ্ন করা হলে তিনি এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। একইভাবে পদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, সেখানে স্বতন্ত্র প্রার্থীর কোনো এজেন্ট নেই। আওয়ামী লীগ প্রার্থীর ১০-১২ জন সমর্থক কেন্দ্রে অবস্থান করে জাল ভোট দিচ্ছেন। ১৪-১৫ বছরের কয়েকজন কিশোরকেও ভোট দিতে দেখা গেছে।
একইভাবে বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনের বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী ধীরেন্দ্র দেবনাথের সমর্থকেরা বিভিন্ন কেন্দ্রে ঢুকে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে মারধর করে ব্যাপকভাবে জাল ভোট দেন বলে খবর পাওয়া গেছে।
বরিশাল: দুপুর সাড়ে ১২টায় বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের মেহেন্দিগঞ্জ উপজেলার ৮ নম্বর উত্তর ভংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, কয়েকজন কিশোর ভোট দিচ্ছে। ওই কেন্দ্রসহ আশপাশের বেশ কয়েকটি কেন্দ্র মূলত ছিল আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের নিয়ন্ত্রণে।
ভোলা: ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উত্তর সম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে বেলা সোয়া ১১টার দিকে দেখা হয় আবিদ নামের এক বালকের সঙ্গে। সে জানায়, ‘আমরা তো ভোট দিছি।’