বরগুনায় ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। এস এ মোর্শেদ ওরফে রেজাউল করিম নামের ওই ব্যক্তি গত মে মাসে ভুয়া এমবিবিএস ডিগ্রিধারী পরিচয় দিয়ে জেলা ডায়াবেটিক সমিতির হাসপাতালে চিকিৎসা কর্মকর্তা হিসেবে নিয়োগ পান এবং শহরের একটি ক্লিনিকে নিয়মিত রোগী দেখতেন।গত মঙ্গলবার রাতে ওই ভুয়া চিকিৎসককে শহরের শেরেবাংলা সড়কের বরগুনা ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিক থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজারের উখিয়ার মরিচাপালন গ্রামে। এ ঘটনায় এস এ মোর্শদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বরগুনা থানায় মামলা হয়েছে।গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হানিফ বাদী হয়ে এই মামলা করেন। ওই ভুয়া চিকিৎসককে আরও জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বুধবার বরগুনা সদরের জ্যেষ্ঠ আমলি হাকিম মাহমুদুল ইসলামের আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মঙ্গলবার রাতে পুলিশের হাতে ধরা পড়ার পর এস এ মোর্শেদ সাংবাদিকদের জানান, তিনি ও তাঁর আরেক বন্ধু ঢাকার শনির আখড়ার একটি প্রাইভেট হাসপাতালে সহকারী হিসেবে কাজ করতেন। সেখান থেকে গত এপ্রিল মাসে বরগুনায় চলে আসেন। এরপর বরগুনা ডায়াবেটিক সমিতির হাসপাতালে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়ার পর সমিতির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসক পদে আবেদন করেন। গত ২ মে ভুয়া সনদ ব্যবহার করে বরগুনা ডায়াবেটিক সমিতির হাসপাতালে চিকিৎসা কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। বরগুনা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আ রশিদ বলেন, ‘গত মে মাসে একটি নিয়োগ বোর্ড গঠন করে আমরা ওই চিকিৎসককে নিয়োগ দিই।’ তখন তাঁর এমবিবিএস ডিগ্রির সনদ দেখেছিলেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘না, আমরা তাঁর লিখিত আবেদনের ভিত্তিতে চিকিৎসক হিসেবে নিয়োগ দিয়েছি।’