ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বরগুনায় অন্তত সাড়ে তিন হাজার মাছের ঘের ও পুকুর ভেসে গেছে। জলাবদ্ধতার কবলে পড়েছে চলতি আউশ ও রবি ফসলের ৯০ শতাংশ খেত ও বীজতলা। মৎস্য ও কৃষি বিভাগের এই তথ্য দিয়েছে।
জেলার ছয়টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তালতলীর মাছচাষিদের। এ উপজেলায় অন্তত দেড় হাজার মাছের ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে। এ ছাড়া বামনা উপজেলায় ৩০০, পাথরঘাটা, বেতাগী, আমতলী ও বরগুনা সদরে আরও দেড় হাজার পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে।
তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় রায় বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের একটি প্রাথমিক তালিকা করেছি। পূর্ণাঙ্গ তালিকা করতে আরও সময় লাগবে।’
কৃষি সম্প্রসারণ বিভাগের জেলা কার্যালয় সূত্র জানায়, জেলায় ৫ হাজার ৬৬০ হেক্টর জমির আউশ খেত ও ২ হাজার ৮৯৫ হেক্টর জমির বীজতলা পানিতে ডুবে গেছে। এ ছাড়া ১৪০ হেক্টর জমির তিল, ১ হাজার ৩৩০ হেক্টর সবজি খেত, ৪০০ হেক্টর কলা-বাগান, ৪৩০ হেক্টর পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা মোট আবাদের ৯০ শতাংশ বলে জানিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। জেলায় আউশ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৪ হাজার ৬৬৪ হেক্টর। ঘূর্ণিঝড়ের কারণে এ লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা।
তালতলীর ছোট বগি ইউনিয়নে গিয়ে দেখা যায়, গাবতলী, চরপাড়া ও মৌপাড়া গ্রাম পানিতে নিমজ্জিত হয়ে আছে। গাবতলী গ্রামের বাসিন্দা আবদুল মন্নান বয়াতি বলেন, ‘তিন একর জাগায় আউশ দেছালাম। পানিতে সব পইচ্চা গ্যাছে। খ্যাত-খামার-পুকুইরের মাছ সব শ্যাষ। নতুন কইরা বীজ করমু বীজ পামু কই, আর নতুন বীজতলা কইরা রোপণেরও সময় নাই।’
পার্শ্ববর্তী পচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া, হাড়িপাড়া, হুলাটানা; কড়ইবাড়িয়া ইউনিয়নের হেলেঞ্চবাড়িয়া, আলীরবন্দর, ঝাড়াখালী; নিশানবাড়িয়া ইউনিয়নের জয়ালভাঙা, নলবুনিয়া, তেঁতুলবাড়িয়া গ্রামেও একই পরিস্থিতি।
কড়ইবাড়িয়া ইউনিয়নের ঝাড়াখালী গ্রামের ঘেরের মালিক হাফিজুল সিকদার বলেন, ৪০ একর জমিতে মাছের ঘের করেছিলাম। টানা বর্ষণ ও জোয়ারের পানিতে সব মাছ ভেসে গেছে। এতে অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারদেনা ও ঋণ এনে এই ঘের করেছিলাম। এখন কী করব, ভেবে কূল পাচ্ছি না। তিনি আরও বলেন, এ ইউনিয়নের অন্তত ১২০টি ঘেরের মাছ এভাবে ভেসে গেছে।
বরগুনা সদরের গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামের কৃষক আবুল হাওলাদার বলেন, ‘৫০ শতক জমিতে আউশের বীজতলা করেছিলাম। সব পইচ্চা গ্যাছে। এহন কী দিয়া নতুন বীজতলা করমু, সেই চিন্তায় ঘুম আয় না।’
কৃষি সম্প্রসারণ বিভাগের বরগুনা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সাইনুর আজম খান বলেন, ‘জেলার ৯০ ভাগ ফসলি জমি পানিতে নিমজ্জিত। আমরা প্রাথমিকভাবে এ হিসাব মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পেতে আরও কিছু সময় লাগবে। জলাবদ্ধতা আরও দু-তিন দিন স্থায়ী হলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বাড়বে।’