বরগুনায় ভোট দেখতে এসে বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচন চলাকালে গতকাল বুধবার সকালে বরগুনা সদরে হুড়োহুড়িতে পদদলিত হয়ে আহত নুরুল ইসলাম (৮০) নামের এক বৃদ্ধ আজ বৃহস্পতিবার সকালে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নুরুল ইসলাম বরগুনা সদরের গৌরিচন্না ইউনিয়নের ধূপতি গ্রামের বাসিন্দা। তিনি শহরের গগন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট নেওয়া দেখতে সেখানে এসেছিলেন বলে তাঁর পরিবারের সদস্যরা দাবি করেছে।
নুরুল ইসলামের ছোট ভাই ইসমাইল হোসেন জানান, তাঁর ভাই বুধবার সকালে পৌর নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠান দেখার জন্য শহরের গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে যান। এ সময় জনতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনায় হুড়োহুড়িতে তিনি পদদলিত হয়ে আহত হন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। আহত অবস্থায় বুধবার সকালে তাঁকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে আজ সকাল আটটার দিকে তিনি মারা যান।
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) কামরুল ইসলাম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘নুরুল ইসলাম মূলত বার্ধক্যের কারণে মারা গেছেন। তাঁর মাথায় কোনো আঘাত ছিল না, কপালের চামড়া সামান্য ছিলে গিয়েছিল।’
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, ‘আমি এ ঘটনার কথা লোকমুখে শুনেছি। কিন্তু নুরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে কেউ জানায়নি।’