বরগুনায় মহাসেনে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার পানচাষি
ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে বরগুনায় ৩০০ হেক্টর জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জেলার প্রায় ১৫ হাজার পানচাষির নয় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।অনেক চাষি ব্যাংক ও বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে এসব বরজ গড়ে তুলেছিলেন। বরজের ক্ষতি হওয়ায় তাঁরা ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না। কিস্তির টাকা দিতে না পারায় কেউ কেউ পালিয়ে বেড়াচ্ছেন।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বরগুনায় বর্তমানে পান দ্বিতীয় অর্থকরী ফসল হিসেবে স্থান করে নিয়েছে। এ জেলায় প্রায় ৫৫০ হেক্টর জমিতে আট হাজার ২০৪টি পানের বরজ রয়েছে। মহাসেনে এর মধ্যে ২৫ হেক্টর জমির বরজ সম্পূর্ণ এবং ২৭৫ হেক্টর জমির বরজ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আর্থিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় নয় কোটি টাকা।সদর উপজেলার গৌরীচন্না খাজুরতলা গ্রামের পানচাষি সুজন হাওলাদার জানান, মহাসেনে তাঁর দুটি বরজ সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এতে তাঁর কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঋণ করে পানের বরজ করেছিলেন তিনি। এখন কীভাবে ঋণের কিস্তি পরিশোধ করবেন, তা নিয়ে চিন্তায় আছেন।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক লুৎফর রহমান জানান, পানের বরজ ও কৃষিক্ষেত্রে অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণের তালিকা কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।