বরগুনায় মোটরসাইকেল ও বাস মালিক-শ্রমিকদের উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় ভাড়ায় চালিত মোটরসাইকেল ও বাস মালিক-শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত রোববার সন্ধ্যায় উভয়পক্ষ পাল্টাপাল্টি হামলা চালিয়ে আটটি মোটরসাইকেল ভাঙচুর এবং তিনটি বাসের ১৮টি টায়ার কেটে ফেলে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেকোনো মুহূর্তে দুই পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের বেঁধে দেওয়া নিয়মানুযায়ী বরগুনা-নিশানবাড়িয়া ও বরগুনা-বেতাগী সড়কে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচল করতে পারবে না। বাস ও ভাড়ায় চালিত মোটরসাইকেলের মালিকদের মধ্যে গত দুই বছরে কয়েক দফা সংঘর্ষের পর জেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক দলের শীর্ষস্থানী নেতারা মিলে ওই নিয়ম চালু করেন। উভয়পক্ষ এ সিদ্ধান্ত মেনে নেয়। বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ছগির হোসেনের অভিযোগ, রোববার বিকেল পাঁচটার আগেই বরগুনা-বেতাগী সড়কে মোটরসাইকেল চালাতে থাকলে বাসের শ্রমিকেরা এর প্রতিবাদ করেন। এ নিয়ে সামান্য উত্তেজনার পর বরগুনা নিশানবাড়িয়া সড়কের পরীরখাল নামক স্থানে তিনটি বাসের ওপর হামলা চালিয়ে ১৮টি টায়ার কেটে ফেলে মোটরসাইকেল চালকেরা। এ ঘটনায় তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।অন্যদিকে ভাড়ায় চালিত মোটরসাইকেল মালিক সমিতির সভাপতি হারুন অর রশিদ হাওলাদার অভিযোগ করেন, রোববার বিকেল পাঁচটার পর বরগুনা-বেতাগী সড়কের গৌরিচন্না নামক স্থানে সাতটি এবং পলীরখাল এলাকায় আরও একটি মোটরসাইকেল ভাঙচুর ও টায়ার কেটে ফেলে বাসশ্রমিকেরা। তিনি বলেন, ‘পরীরখাল এলাকায় উত্তেজিত স্থানীয় লোকজন বাসের টায়ার কেটেছে। এতে আমাদের কোনো লোক জড়িত নয়।’ তিনি দাবি করেন, ‘আমরা প্রশাসনের বেঁধে দেওয়া নিয়ম মেনে মোটরসাইকেল চালাচ্ছি। কিন্তু বাস মালিকেরা চান, আমরা বিকেল পাঁচটার পরও এসব রাস্তায় মোটরসাইকেল না চালাই।’ বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার গতকাল সোমবার বলেন, পরিস্থিতি এখন শান্ত। দুই পক্ষই প্রশাসনের বেঁধে দেওয়া নিয়ম মেনে গাড়ি চলাচলের অঙ্গীকার করেছে। প্রসঙ্গত, বরগুনায় বিভিন্ন রুটে ভাড়ায় চালিত প্রায় ৬০০ মোটরসাইকেল এবং জেলা বাস মালিক সমিতির আওতায় ৭৯টি বাস চলাচল করে।