বরগুনায় মৎস্যজীবীদের সমাবেশ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দস্যু বাহিনীর হাতে অপহৃত জেলে, ট্রলার উদ্ধারসহ আট দফা দাবিতে আজ মঙ্গলবার সমাবেশের ডাক দিয়েছে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সম্প্রতি জলদস্যু বাহিনীর হাতে সাতটি ট্রলারসহ অর্ধশতাধিক জেলে অপহৃত হন।
এর প্রতিবাদে এবং ওই জেলে, ট্রলার উদ্ধার ও সুন্দরবনের ভেতর দিয়ে ট্রলার চলাচল বন্ধসহ আট দফা দাবিতে আজ সকাল ১০টায় বরগুনা সদরে সমাবেশ ও মানববন্ধন হবে। এসব কর্মসূচিতে বাগেরহাট, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনার অন্তত ১৫টি মৎস্যজীবী সংগঠনের প্রায় ১০ হাজার মৎস্যজীবী অংশ নেবেন। সমাবেশ শেষে বরগুনার জেলা প্রশাসকের মাধ্যমে তাঁরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন।
ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, অপহরণ করা সাতটি ট্রলারের মধ্যে পাঁচটির নাম জানা গেছে। ট্রলারগুলো হলো এফবি রিয়াজ উদ্দিন, এফবি মুন্না ও এফবি আল্লাহ মালিক, এফবি রাসেল ও এফবি এলমা আক্তার। পটুয়াখালীর কুয়াকাটা-আলিপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা বলেন, কোনো উপায় না থাকায় তাঁরা ট্রলার ও অপহৃত জেলেদের উদ্ধারে আন্দোলনে নেমেছেন।