বরগুনায় যাত্রীছাউনি দখল করে আ.লীগের কার্যালয়
বরগুনার আমতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের কচুপাত্রা বাজারে দুই কক্ষের একটি যাত্রীছাউনি আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, তাঁরা সেখানে আঞ্চলিক কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে দলীয় কার্যক্রম চালাচ্ছেন। এতে ছাউনিতে বসতে না পেরে প্রতিদিন যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে।সরেজমিনে দেখা গেছে, আমতলী-তালতলী সড়কের কচুপাত্রা বাজারসংলগ্ন বাসস্ট্যান্ডে অবস্থিত যাত্রীছাউনিটির দুটি কক্ষেই তালা ঝুলছে। বাসের অপেক্ষায় অনেক যাত্রী তীব্র রোদে বাইরে দাঁড়িয়ে আছে। এদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।এলাকাবাসীর অভিযোগ, ১৫-২০ দিন আগে কড়ইবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ইদ্রিস তালুকদার তাঁর লোকজন নিয়ে যাত্রীছাউনিটি দখল করেন এবং দলীয় সাইনবোর্ড ঝুলিয়ে সেখানে কার্যালয় খোলেন। এরপর যাত্রীছাউনির কক্ষ দুটিতে তালা ঝুলিয়ে দেন। ওই সাইনবোর্ডে লেখা আছে, বাংলাদেশ আওয়ামী লীগ, আঞ্চলিক কার্যালয়, কড়ইবাড়িয়া-পঁচাকোড়ালিয়া-চাকামাইয়া, কচুপাত্রা বাজার, তালতলী, বরগুনা।ইদ্রিস তালুকদার বলেন, ‘তালতলী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক জমাদ্দারের অনুমতি নিয়ে এক মাস আগে যাত্রীছাউনিতে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয় করেছি।’ তিনি আরও বলেন, ‘এতদিন এই ছাউনিটি প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল এবং এখানে অসামাজিক কার্যকলাপ চলত। আমরা এটা দখলে নিয়ে সংস্কার করে বসার উপযোগী করেছি, কোনো যাত্রী চাইলে এখানেও বসতে পারে।’ ফজলুল হক জমাদ্দার বলেন, ‘যাত্রীছাউনি দখল করে কার্যালয় করার বিষয়টি আমি জানি না। এরকম করে থাকলে তা অন্যায় হয়েছে।’ বরগুনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল আলীম বলেন, ‘এ ব্যাপারে খোঁজ নিয়ে অবশ্যই ব্যবস্থা নেব।’