বরগুনায় যুবলীগ ছাত্রলীগের হাতে শিক্ষক লাঞ্ছিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার একটি মাদ্রাসার একজন শিক্ষককে রোববার যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে।মাদ্রাসার সভাপতি পদে পৌরসভার মেয়রকে মনোনয়ন দিতে বরগুনা-১ আসনের সাংসদের দেওয়া ডিও লেটারকে (চাহিদাপত্র) চ্যালেঞ্জ করে আদালতে মামলা করার জের ধরে ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, ওই দিন রাতে আমতলী পৌর যুবলীগের সভাপতি ফরিদ মেলকার ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুস সোবাহানের নেতৃত্বে ১৫-২০ জন আমতলী বন্দর হোসাইনিয়া মাদ্রাসায় যান। তাঁরা মাদ্রাসার অফিস সহকারী আবদুস ছাত্তারকে খুঁজতে থাকেন। একপর্যায়ে শিক্ষক হারুন অর রশিদকে পেয়ে তাঁরা তাঁকে ওই মামলার ইন্ধনদাতা সন্দেহে লাঞ্ছিত করেন।যুবলীগের নেতা ফরিদ মেলকার হামলা চালানোর কথা অস্বীকার করেছেন। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের নেতা আবদুস সোবহান এই প্রতিনিধিকে পাল্টা প্রশ্ন করেন, ‘আপনাকে এই অভিযোগ কে দিয়েছে?’ পরক্ষণেই বলেন, ‘আমি ওখানে ছিলাম না।’সহকারী জজ (আমতলী) আদালতে রোববার সকালে সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর দেওয়া ডিও লেটার চ্যালেঞ্জ করে মামলাটি করেন মাদ্রাসার অভিভাবক সদস্য নাসির উদ্দীন মোল্লা ও দাতা সদস্য হাজেরা খাতুন। মামলায় বিবাদী করা হয়েছে সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, মাদ্রাসার অধ্যক্ষ মুখতারুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মেয়র মতিয়ার রহমান ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে।সহকারী জজ আব্বাস উদ্দীন মামলার অভিযোগ আমলে নিয়ে মাদ্রাসার নবগঠিত পরিচালনা কমিটির সভাপতির কার্যক্রমের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা এবং তাঁকেসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে কারণ দর্শানোর নোটিশ দেন। পৌরসভার মেয়র মতিয়ার রহমান বলেন, ‘হামলার ওই ঘটনা আমার জানা নেই।’এদিকে সাংসদ দেশের বাইরে অবস্থান করায় এ বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি।