বরগুনায় শিগগিরই নদীবন্দর নির্মিত হবে: নৌমন্ত্রী
নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খান বলেছেন, প্রত্যন্ত দক্ষিণাঞ্চলের জনগণের যাতায়াত ও পণ্যসামগ্রী পরিবহনের সুবিধার্থে বরগুনায় নদীবন্দরের নির্মাণকাজ শুরু হবে। গতকাল শনিবার বরগুনা লঞ্চঘাট পরিদর্শনের সময় উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগকে এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, বর্তমান লঞ্চঘাট এলাকায় নৌবন্দরের অবকাঠামো—টার্মিনাল ভবন, জেটি, পার্কিং ইয়ার্ড ও পন্টুন স্থাপন করা হবে। এ কাজে ব্যয় হবে এক কোটি ২০ লাখ টাকা। তিনি বলেন, আগামী অর্থবছরের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে।এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক স্বপন কুমার সরকার, পুলিশ সুপার মাহবুব হাকিম ও বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।পরে মন্ত্রী বরগুনা সার্কিট হাউসে জেলা বাসমালিক-শ্রমিক সমন্বয় পরিষদ আয়োজিত যৌথ সভায় যোগ দেন।