বরগুনায় শিবিরের পিটুনিতে ছয় পুলিশ আহত
বরগুনার বামনা উপজেলার খোলপটুয়া বাজার এলাকায় আজ রোববার শিবিরের কর্মীদের পিটুনিতে পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। এ সময় তাঁরা পুলিশের গাড়ি ভাঙচুর করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর ছয়টার দিকে বামনা উপজেলার খোলপটুয়া বাজার এলাকায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন শিবিরের কর্মীরা। খবর পেয়ে বামনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশারফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে যায় এবং রাস্তার অবরোধ সরানোর চেষ্টা করে। এ সময় শিবিরের কর্মীরা বাধা দিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শিবিরের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিতে হামলা চালিয়ে বেধড়ক পেটান। একপর্যায়ে তাঁরা পুলিশের গাড়ি ভাঙচুর করেন।
পরে বামনা থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে এএসআই মোশারফ হোসেন ও কনস্টেবল লিয়াকত হোসেন, মো. সোহাগ, আবদুল বারেক শরিফ, আতাহার আলী ও আবদুল কুদ্দুসকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মাথায় গুরুতর আঘাত লাগায় এএসআই মোশারফ, কনস্টেবল সোহাগ ও কুদ্দুসকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।