বরগুনায় শ্রমিকনেতা খুন, প্রতিবাদে পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় হায়দার আলী নামে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত রোববার রাতে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করার পর গভীর রাতে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবদুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বরগুনার পরিবহন শ্রমিক ও মালিক সমিতির নেতারা গতকাল সোমবার সকাল ছয়টা থেকে বরগুনার দূরপাল্লা ও অভ্যন্তরীণ পথের ইঞ্জিনচালিত সব ধরনের যান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন।
পরিবহন ধর্মঘটের কারণে বরগুনা থেকে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, যশোরগামী পরিবহন চলাচল বন্ধ থাকায় ঈদে কর্মস্থলমুখী যাত্রীরা বিপাকে পড়েন। ঢাকার উদ্দেশে গতকাল সকালে ১৪টি ও বিকেলে ১৪টি বাস ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিলেও ধর্মঘটের কারণে তা ছাড়তে পারেনি।
গতকাল সকালে বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেন জেলা বাস শ্রমিক ইউনিয়নের নেতারা। এতে জেলা বাস মালিক সমিতিও একাত্মতা প্রকাশ করে। বেলা ১১টার দিকে শহরে পরিবহন শ্রমিকেরা বিক্ষোভ করেন। পরে স্থানীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন তাঁরা। সমাবেশে বক্তারা বলেন, হায়দারের হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে আটটায় বরগুনা সদর উপজেলার আমলকিতলা গ্রামের বাড়িতে যাওয়ার সময় জেলা বাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্য হায়দার আলীকে একদল সন্ত্রাসী এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাঁকে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত ১২টার দিকে ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা হায়দারকে মৃত ঘোষণা করেন।
গতকাল হায়দারের বাড়িতে যান বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক। এ সময় হায়দারের স্বজনেরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলে পুলিশ সুপার যত দ্রুত সম্ভব হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন।