বরগুনায় সংকটে প্রসূতিসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষজ্ঞ ও চিকিৎসক-সংকটে বরগুনার জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। জেলার ছয়টি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি চিকিৎসক আছেন মাত্র একজন। হাসপাতালগুলোর একটিতেও কোনো অবেদনবিদ (অ্যানেসথেসিস্ট) নেই। এতে হুমকির মুখে পড়েছে প্রসূতিসেবা।জেলায় প্রসূতিসেবার অন্যতম সরকারি প্রতিষ্ঠান মা ও শিশু কল্যাণ কেন্দ্রের জ্যেষ্ঠ স্বাস্থ্য পরিদর্শক ফিরোজা বেগম বলেন, ‘চোখের সামনে দেখি প্রসূতিরা প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছেন। কিন্তু আমরা কিছুই করতে পারি না। একজন চিকিৎসাকর্মী হিসেবে নিজেকে তখন খুব অসহায় মনে হয়।’সম্প্রতি বরগুনা শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে ভাঙাচোরা রাস্তা পেরিয়ে বরইতলা এলাকার ওই প্রসূতি সেবা কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রসূতি মা ও শিশুদের ভিড়। নুরুন্নাহার নামের একজন গৃহবধূ প্রথম মা হবেন। তাঁর স্বামী আলী হোসেন তাঁকে নিয়ে এখানে এসেছেন পরামর্শের জন্য। কিন্তু এখানে এসে জানতে পারেন, কোনো চিকিৎসক নেই। ২০ শয্যার মা ও শিশু কেন্দ্রটি ২০০০ সালে চালু হওয়ার পর একজন অবেদনবিদ, একজন চিকিৎসক ও চারজন স্বাস্থ্য পরিদর্শক নিয়োগ দেওয়া হলেও শুরু থেকেই কোনো অবেদনবিদ ছিলেন না। ফলে এ কেন্দ্রে আজ পর্যন্ত অস্ত্রোপচারের মাধ্যমে কোনো নবজাতকের জন্ম হয়নি।স্বাস্থ্য পরিদর্শক ফিরোজা বেগম জানান, একমাত্র চিকিৎসক শাহানাজ বেগম একটি প্রশিক্ষণে আছেন। বাকি তিন স্বাস্থ্য পরিদর্শক ছুটিতে আছেন। তিনি আরও জানান, চলতি বছরের নয় মাসে ২৩০ জন প্রসূতির স্বাভাবিক গর্ভপাত করানো হয়েছে এবং ৮৮ জন প্রসূতিকে চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।বরগুনা জেনারেল হাসপাতাল, পাথরঘাটা, বামনা, বেতাগী, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও গাইনি চিকিৎসক ও অবেদনবিদ না থাকায় প্রসূতিসেবা বিঘ্নিত হচ্ছে। এসব এলাকার জরুরি প্রসূতি রোগীদের বরিশাল অথবা জেলা সদরের কোনো বেসরকারি ক্লিনিকে সেবার জন্য দৌড়াতে হয়।বরগুনায় ১০০ শয্যার জেনারেল হাসপাতালে দুজন গাইনি বিশেষজ্ঞ ও একজন অবেদনবিদের পদ থাকলেও একজন কনিষ্ঠ গাইনি বিশেষজ্ঞ ছাড়া সব পদ শূন্য। তিন মাসের প্রশিক্ষণ নেওয়া চিকিৎসা কর্মকর্তা আ. মান্নান কোনো রকম অবেদনবিদের কাজ চালিয়ে নিচ্ছেন। এই হাসপাতালে গত নয় মাসে ২১৭টি সিজারিয়ান অপারেশন হয়েছে বলে কর্মকর্তারা জানান।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুস সালাম বলেন, শুধু গাইনি নয়, এ হাসপাতালে নয়জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ২১ জন চিকিৎসকের পদ থাকলেও আছেন মাত্র সাতজন। তাঁদের মধ্যে একজন অচিরেই অবসরে যাচ্ছেন, দুজন অসুস্থ। সব মিলিয়ে তিন-চারজন চিকিৎসকের ওপর নির্ভর করে পুরো হাসপাতালের কাজ চালাতে হচ্ছে এবং প্রতিদিনই ৭০০-৮০০ রোগী সামলাতে হচ্ছে।বরগুনার সিভিল সার্জন এ এইচ এম জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, জেলার চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, একটি মা ও শিশু কেন্দ্র এবং জেনারেল হাসপাতাল মিলিয়ে ছয়জন গাইনি ও পাঁচজন অবেদনবিদের স্থলে মাত্র একজন কনিষ্ঠ গাইনি চিকিৎসক ছাড়া সব পদ শূন্য। এ দিয়ে প্রসূতিসেবা নিশ্চিত করা যায় না বললেই চলে।স্বাস্থ্য বিভাগ বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাক আল মেহেদী প্রথম আলোকে বলেন, বিশেষজ্ঞ ও অন্যান্য চিকিৎসক-সংকটে বরগুনা ও পটুয়াখালী জেনারেল হাসপাতালের অবস্থা খুব নাজুক। তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের সরাসরি নিয়োগ দেয় মন্ত্রণালয়। সে কারণে তাঁরা তদবির করে ঢাকাসহ বড় বড় শহরগুলোতে নিয়োগ নেন। আর চিকিৎসা কর্মকর্তাদের প্রথম দুই বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকতে হয়। এমন বাধ্য-বাধকতার কারণে জেলা পর্যায়ের সর্বোচ্চ চিকিৎসালয়গুলোয় চিকিৎসক-সংকট দেখা দিচ্ছে।