বরগুনায় সংঘর্ষে ছয় জেলে গুলিবিদ্ধ, ইউএনও আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ প্রজনন মৌসুমে (১৩ থেকে ২৩ অক্টোবর) মাছ ধরার সময় জাল আটকের জের ধরে গত শনিবার বরগুনায় পুলিশের সঙ্গে জেলেদের সংঘর্ষে ছয় জেলে গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) পুলিশের এক কর্মকর্তা। এ ছাড়া নদীতে মাছ ধরার দায়ে ভোলা, বরিশাল, পটুয়াখালীর বাউফল ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ১৯৬ জন জেলের জেল-জরিমানা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: 

বরগুনা: ইলিশ ধরার সময় জেলেদের জাল আটক করাকে কেন্দ্র করে শনিবার রাত ১১টার দিকে পুলিশের সঙ্গে জেলেদের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের নয়টি ফাঁকা গুলি ছোড়ে। বিষখালী নদীর মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

 গুলিবিদ্ধ জেলেদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তাঁরা হলেন পাথরঘাটা উপজেলার চর কাকচিড়া গ্রামের জুলহান (৩৪), মোশারেফ হোসেন (৩২) ও মো. পিন্টু (৩৫)। পাথরঘাটার কাকচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সরওয়ার-উল-আলম বলেন, গ্রেপ্তার হওয়ার ভয়ে এই ছয় জেলে হাসপাতালে ভর্তি হননি।

পুলিশ জানায়, রাত ১১টার দিকে বিষখালী নদীতে স্থানীয় জেলেরা ইলিশ শিকার করছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদরের ইউএনও, মৎস্য বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা নদীতে অভিযান চালিয়ে জেলেদের বেশ কিছু জাল আটক করেন। এতে ক্ষুব্ধ হয়ে জেলেরা নৌকা নিয়ে মাঝেরচরে গিয়ে লাটিসোঁটা, ইটপাটকেল নিয়ে ইউএনও ও পুলিশ সদস্যদের বহনকারী ট্রলারে হামলা চালান। জেলেদের ছোড়া ইটের আঘাতে ইউএনও নূর-ই-আলম বাঁ হাতে এবং বরগুনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ওবায়দুল হক বুকে আঘাত পান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নয়টি ফাঁকা গুলি ছুড়লে জেলেরা ছত্রভঙ্গ হয়ে যান। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমণি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ভোলায় ১৬৪ জেলের জেল-জরিমানা: প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা গত ১৩ থেকে ২০ অক্টোবর অভিযান চালিয়ে জেলায় ১৬৪ জন জেলেকে আটক করেছে। তাঁদের মধ্যে ভোলা সদর উপজেলায় নয়জন, মনপুরায় ৩০ জন, চরফ্যাশনে ৪০ জন, লালমোহনে ৩২ জন, বোরহানউদ্দিনে ২০ জন, দৌলতখানে ১৬ জন ও তজুমদ্দিনে ১৭ জন। ভ্রাম্যমাণ আদালত এসব জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং বিভিন্ন অঙ্কের টাকা জরিমানা করেছেন।

বরিশালে ২০ জেলের দণ্ড: কোস্টগার্ড ও পুলিশের সহায়তায় শনিবার দিনব্যাপী মেহেন্দীগঞ্জ উপজেলার কালাবদ, ইলিশা ও মাছকাটা নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরার অভিযোগে ১৮ জেলেকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শহীদুল আলম তাঁদের মধ্যে ১৬ জনকে তিন মাস করে কারাদণ্ড এবং একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেন।

একই দিন হিজলা উপজেলায় মেঘনা নদীতে ইলিশ শিকারের অভিযোগে আটক তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের কাছ থেকে তিনটি নৌকা, ১৩ হাজার মিটার জাল উদ্ধার করা হয়েছে।

বাউফলে পাঁচ জেলের জেল-জরিমানা

বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে শনিবার ইলিশ শিকারের দায়ে পাঁচজন জেলেকে ভ্রাম্যমাণ আদালত এক মাস করে কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন। 

গোয়ালন্দে সাতজনের জরিমানা

গোয়ালন্দ (রাজবাড়ী): উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা টাস্কফোর্স শনিবার রাত ১১টা থেকে ভোর পর্যন্ত পদ্মা নদীর দেবগ্রাম ইউনিয়নের অন্তারমোড়, দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নের চর করনেশনা এলাকায় অভিযান চালায়। এ সময় বেশ কিছু জাল জব্দ করা হয় এবং সাতজন জেলেকে আটক করে তাঁদের কাছ থেকে ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। আটক জেলেদের কাছ থেকে দুই হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।