বরগুনায় সাতজন পৌর কাউন্সিলরের প্রতীকী প্রতিবাদ অব্যাহত
বরগুনা পৌরসভার সাতজন কাউন্সিলর গতকাল রোববারও পৌরসভা কার্যালয়ের দ্বিতীয় তলার বারান্দায় হোগলা বিছিয়ে অফিস করেছেন। পৌর পরিষদের অনুমতি না নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ দরপত্র ছাড়াই ইচ্ছামাফিক সম্পন্ন করা, পৌরসভা কার্যালয়ে কাউন্সিলরদের বসার কোনো কক্ষ না থাকার প্রতিবাদ, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা বন্ধের দাবিতে তাঁরা গত ১৭ এপ্রিল থেকে এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।কাউন্সিলররা গতকাল বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা এই কর্মসূচি অব্যাহত রাখবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেবেন। পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম অভিযোগ করেন, আমতলা সড়কের কাজ বিনা প্রাক্কলনে করানো হয়েছে। গত ১০ বছর ধরে একই ব্যক্তিকে পৌরসভার হাটবাজার ইজারা দেওয়া হচ্ছে। গত তিন-চার বছরে পৌরসভার কোনো ছাপার কাজে দরপত্র আহ্বান না করেই পছন্দের ঠিকাদারদের কাজ দিয়েছে পৌর কর্তৃপক্ষ। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ইকবাল হাসান বলেন, ‘মেয়র দেশে ফিরলে কাউন্সিলরদের দাবিদাওয়া নিয়ে আলোচনা করে এগুলো নিরসন করব।’