বরগুনায় সুষ্ঠু ভোট নিয়ে আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনে ৩০ ডিসেম্বর সুষ্ঠু ভোট হবে বলে আস্থা রাখতে পারছেন না বরগুনা সদরের ভোটাররা। গতকাল মঙ্গলবার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকজন ভোটারের সঙ্গে আলাপ করলে তাঁরা এ আশঙ্কার কথা জানান। এসব ভোটারের মধ্যে আছেন আইনজীবী, শিক্ষক, শ্রমিক, ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী ও গৃহিণী।
এ আশঙ্কার পেছনে বেশ কয়েকটি কারণ তুলে ধরেন তাঁরা। এর মধ্যে গত জাতীয় সংসদ ও উপজেলা পরিষদের নির্বাচনের পরিস্থিতির কথা বলেন। এ ছাড়া ১৪ ডিসেম্বর রাতে বরগুনা শহরে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ও বর্তমান মেয়র শাহাদাত হোসেনের উঠান বৈঠকে যুবলীগ নেতা ও কর্মীদের হামলা এবং শহরজুড়ে অব্যাহত মোটরসাইকেল মহড়ার পর তাঁদের শঙ্কা বেড়ে যায়।
শহরের টাউন হল এলাকার ব্যবসায়ী আবদুর রহিম বলেন, প্রচার-প্রচারণায় যে উত্তাপ ও আলামত দেখা যাচ্ছে, তাতে ভোট সুষ্ঠু হবে কি না, তা নিয়ে সবাই শঙ্কায় আছেন। ভোট সুষ্ঠু হলে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর সঙ্গে দলের আরেক স্বতন্ত্র প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।
শহরের লঞ্চঘাট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মন্নাফ মিয়া বলেন, ‘ইলিকশন কেমন অইবে হেইডা প্রচার শুরু অওনের পেরথম দিনই তো বুইজ্জা গেছি। একজন প্রার্থীর মিটিংয়ে যে রহম হামলা অইছে, হ্যাতে মোরা ভোটকেন্দ্রে যামু কোন সাহসে? দ্যাহেন দিন-রাইত খালি হুন্ডার মহড়া!’
নাম প্রকাশ না করার শর্তে শহরের কাঁচাবাজার এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, ‘ভাই, আমরা ভোট দিমু একজনরে আর জয়ী অইবে যে সবচাইতে পিছাইয়্যা আছে হেই লোক। এহন বোঝেন কেমন ভোট অইবে?’
বরগুনার একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পরিচালক সামসুদ্দিন খান বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো, আমরা নির্বিঘ্নে আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাই। কিন্তু কয়েকটি নির্বাচনের যে দৃষ্টান্ত, তাতে কারও কথায়ই আমরা আশ্বস্ত হতে পারছি না।’ সুষ্ঠু ভোট নিয়ে আশঙ্কা প্রকাশ করে শহরের পশ্চিম বরগুনা এলাকার গৃহিণী খাদিজা আকতার জানান, শহরে যেভাবে দিন-রাত মহড়া হচ্ছে, তাতে ভোটকেন্দ্রে যাওয়ার সাহস পাচ্ছেন না তিনি।
জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম গতকাল বিকেলে বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে বদ্ধপরিকর। এ নিয়ে কোনো ভয় নেই।’ প্রচার-প্রচারণায় অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, শুরুতে এ ধরনের কিছু বিশৃঙ্খলা ছিল। এখন আর নেই। যেসব প্রার্থী নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছেন, তাঁদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১৪ ডিসেম্বর রাতে বরগুনা সদরে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী শাহাদাত হোসেনের উঠান বৈঠকে যুবলীগের একদল নেতা-কর্মী হামলা চালান।