বরগুনায় সুষ্ঠু ভোট নিয়ে প্রার্থী-ভোটারদের শঙ্কা
বরগুনার চারটি উপজেলা পরিষদের নির্বাচন আগামী সোমবার ৩১ মার্চ। এসব উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা দিনরাত প্রচারে ব্যস্ত থাকলেও সুষ্ঠু ভোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রার্থীরা। তাঁদের ভোটকেন্দ্রে হাজির করা নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন অনেক প্রার্থী।
সোমবার বরগুনা সদর, বামনা, পাথরঘাটা ও আমতলী উপজেলায় নির্বাচন হবে। এর আগে ২৩ মার্চ জেলার বেতাগী উপজেলায় নির্বাচন হয়। সেখানে ৭৮ হাজার ৮১৯ ভোটারের মধ্যে মাত্র ৩৬ হাজার ২৬৯ জন ভোট দেন। অথচ ২০০৯ সালের উপজেলা নির্বাচনে ৬৮ হাজার ৪২১ ভোট পড়েছিল। সোমবারের নির্বাচনেও বেতাগীর নির্বাচনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করেন বেশ কয়েকজন প্রার্থী।
বরগুনা সদরে চেয়ারম্যান পদে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মোহাম্মদ আবদুল হালিম বলেন, ‘গত সংসদ নির্বাচনে যে অবস্থার সৃষ্টি করা হয়েছিল, তার জের এই নির্বাচনেও রয়ে গেছে। ক্ষমতাসীন দলের প্রার্থী-সমর্থকেরা দেশের বিভিন্ন স্থানে যেভাবে ভোটকেন্দ্র দখল করে জাল ভোট দিচ্ছেন, তাতে ভোটার ও আমরা সবাই সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত।’
তবে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. আব্বাস হোসেন বলেন, ‘এখানে সুষ্ঠু নির্বাচন হবে এবং আমরা জয়ী হব।’
আমতলীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী সামসুদ্দিন আহমেদ অভিযোগ করেন, ‘জি এম দেলোয়ারের (আওয়ামী লীগ-সমর্থক প্রার্থী) লোকজন ঘোষণা দিয়েছেন, তাঁরা ১০টার মধ্যে সব কেন্দ্র দখলে নিয়ে নেবেন। এতে ভোটার ও আমরা খুব শঙ্কিত।
অভিযোগ অস্বীকার করে দেলোয়ার বলেন, ‘যারা নালিশ করে তারা দুর্বল, আমি দুর্বল নই।’
বামনায় বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ অভিযোগ করেন, ‘এখানে পরিবেশ খুব খারাপ। আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা আমার কর্মীদের প্রচারে নামতে দিচ্ছেন না। রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছি। কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না।’
এ বিষয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. সাইতুল ইসলাম বলেন, ‘এখানে বিএনপির দুজন চেয়ারম্যান প্রার্থী। তাঁদের নিজেদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে যেসব বিশৃঙ্খলা হচ্ছে, তার দায় আমাদের ওপর চাপাচ্ছে।’
বরগুনা সদরের ছোট লবণগোলা গ্রামের আবুল কালাম নামের অপর এক ভোটার বলেন, ‘এরশাদের আমলে দেখছি মানসের কেন্দ্রে যাওন লাগে নায়, হ্যাগো নেতারাই বাক্স ভইর্যা দেছে। এহন আবার হেই যুগ ফিইর্যা আইছে। এইবার কি অয় জানি না।’
আমতলীর নাচনাপাড়া গ্রামের আরেক ভোটার আবদুল খালেক বলেন, ‘ইলিকশনে এহন যে পরিবেশ দেহি, হ্যাতে ভোটকেন্দ্রে যামু কার ভরসায়। সবাইর তো জানের বাসনা আছে, কন।’
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক মোহামঞ্চদ আলী বলেন, বেতাগী উপজেলায় নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে। ৩১ মার্চের নির্বাচনও সুষ্ঠু করার ব্যাপারে প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে। আশা করি কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে।