বরগুনায় স্কুলছাত্রকে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা পৌরসভা নির্বাচনের জের ধরে ইমাজ উদ্দিন ওরফে তাজ নামের এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। রোববার সকালে বরগুনা সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তাজ বরগুনা শহরের কাঠপট্টি এলাকার বাসিন্দা আবু জাফরের ছেলে ও আমতলী একে মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। আবু জাফর অভিযোগ করেন, শহরের কাঠপট্টি এলাকার মিরাজ, মাহবুব, বাবু, জসিম, গিট্টু সোহাগ, সুমন ও সোহাগ ওরফে নাতি সোহাগ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাজ এ কাজে বাধা দিলে তাদের সঙ্গে শত্রুতার সৃষ্টি হয়। এর জের ধরে রোববার বেলা সাড়ে ১১টায় বরগুনা সরকারি কলেজ মাঠে এসে তারা তাজের শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সোহাগ ওরফে নাতি সোহাগ বলে, ‘বরগুনা পৌরসভা নির্বাচনে তাজের বাবা আবু জাফর কাউন্সিলর প্রার্থী ছিলেন। আমিসহ অন্য কয়েকজন আবু জাফরের প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর পক্ষ অবলম্বন করায় তাদের সঙ্গে তাজের বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে। তবে আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।’