বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় সড়ক দুর্ঘটনায় একটি মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় খুড়িয়ার খেয়াঘাটের আমতলী-কলাপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন ব্যক্তি হলেন মোটরসাইকে​লের চালক মো.সোলায়মান (৩০) এবং যাত্রী মো. রাসেল (২৫) ও সাইফুল ইসলাম (২৬)। এঁদের মধ্যে মো. রাসেলের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সুধিরপুরে এবং সাইফুলের বাড়ি খলিলপুর গ্রামে। আর সোলায়ানের বাড়ি কুয়াকাটায়।

পুলিশের ভাষ্য, আজ সন্ধ্যায় ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে রাসেল ও সাইফুল কলাপাড়া থেকে আমতলীর দিকে আসছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার খুড়িয়ার খেয়াঘাট এলাকায় পৌঁছালে সড়কের মধ্যে গাছবোঝাই একটি অকেজো টমটমের সঙ্গে সেটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটির তিন আরোহী নিহত হন।

কিন্তু ফায়ার সার্ভিসের আমতলী স্টেশনের ব্যবস্থাপক হারুন অর রশিদ জানান, সন্ধ্যার পর এই দুর্ঘটনা ঘটায় দুর্ঘটনাস্থলে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তাই এই দুর্ঘটনা কীভাবে ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে দুর্ঘটনার ধরন দেখে তাঁদের ধারণা, যাত্রীবাহী কোনো বাসের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

আমতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনের লাশ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হবে।