বরগুনায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত দুই বছরে জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৬০ জন নিহত ও সহস্রাধিক লোক আহত হয়েছে। তবে সরকারি হিসাবে গত দুই বছরে নিহত হয়েছে ৩৩ জন।এনএসএস নামের স্থানীয় একটি বেসরকারি সংস্থার হিসাবে ২০০৯ থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৬০ জন নিহত হয়েছে। এর মধ্যে আমতলী উপজেলায় ২২ জন নিহত এবং কমপক্ষে এক হাজারের বেশি লোক আহত হয়। আহতদের মধ্যে ২৭ জন পঙ্গুত্ব বরণ করেছে। এর মধ্যে আমতলীর উত্তর টিয়াখালী গ্রামের রিপন মল্লিক, ভজু মিয়া, মিঠু মৃধা, মনির হোসেন, মিজানুর রহমান, রাজু হাওলাদার, রুশিয়া বেগম ও তানিয়া আক্তার নামে আটজন পঙ্গুত্ববরণ করেছেন।এনএনএসের পরিচালক শাহাবুদ্দিন বলেন, জেলায় সড়ক দুর্ঘটনার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত বছরের শেষ পাঁচ মাসে মৃতের সংখ্যা ছিল আট। কিন্তু চলতি বছরের গত পাঁচ মাসে ১৮ জন প্রাণ হারিয়েছে। এটা খুবই উদ্বেগের বিষয়।অনুসন্ধানে জানা গেছে, গত বছরের জুলাই মাসের প্রথম দিকে আমতলী-পটুয়াখালী সড়কে জেলার তালুকদারহাট এলাকায় বাসের চাপায় নিহত হন স্থানীয় ইউনুস আলী খান কলেজের প্রভাষক ফারুক আহম্মেদ। ১৫ সেপ্টেম্বর বরগুনা-বেতাগী সড়কের কেওড়াবুনিয়ায় বাসের চাপায় বেতাগী ডিগ্রি কলেজের ছাত্র নাসির নিহত হন।চলতি বছরের ১৯ মার্চ আমতলী-পটুয়াখালী সড়কের চাওড়া এলাকায় ইউপি নির্বাচনের মিছিলে একটি বাস উঠে গেলে ঘটনাস্থলে সাতজন প্রাণ হারায়। বরগুনা-নিশানবাড়িয়া সড়কে গত ৪ এপ্রিল দুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমরান হোসেন (৯) নিহত হয়। গত ৩ মে আমতলী-পটুয়াখালী সড়কে বাসচাপায় নিহত হন সবুজ (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী। ৪ মে একই সড়কে বাসচাপায় নিহত হন ভুলু বয়াতি নামের এক বৃদ্ধ। ২১ মে একই সড়কে নিহত হয় বশির নামের এক কিশোর। ২২ মে এই সড়কে বাসের চাপায় নিহত হন সিদ্দিকুর রহমান ও আবদুল হক নামের দুই মোটরসাইকেল আরোহী।কয়েকজন বাসযাত্রী অভিযোগ করেন, অদক্ষ চালক ও ফিটনেসবিহীন গাড়ি আর বেঁধে দেওয়া সময়সীমা এসব দুর্ঘটনার মূল কারণ।সুশাসনের জন্য নাগরিক (সুজন), বরগুনা জেলা শাখার সভাপতি রাজিয়া বেগম বলেন, বাসচালকদের বেপরোয়া চালনায় যাত্রীদের জীবন প্রায়ই বিপন্ন হচ্ছে।জেলা বাসমালিক সমিতি গ্রুপের সভাপতি গোলাম মোস্তফা দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ার কথা স্বীকার করে বলেন, ‘এ নিয়ে আমরাও উদ্বিগ্ন। এ জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি বৈধ চালকসনদ ছাড়া কোনো চালক দিয়ে গাড়ি চালাব না।’পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন সড়কে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত দুর্ঘটনায় নিহত হয়েছে ৩৩ জন। এর মধ্যে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেশি। পুলিশ সুপার মাহবুব হাকিম বরগুনায় সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ার কথা স্বীকার করে বলেন, ‘সড়ক দুর্ঘটনা এড়াতে হলে পরিবহন মালিক, ভুক্তভোগী লোকজন, রাজনৈতিক নেতা-কর্মী, প্রশাসনসহ সব পক্ষের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীলতা প্রয়োজন। এ ক্ষেত্রে সেসব সহযোগিতার ঘাটতি রয়েছে বলে পুলিশের একার পক্ষে দুর্ঘটনা প্রতিরোধ করা দুঃসাধ্য। তবুও আমরা সব পক্ষকে নিয়ে যথাসম্ভব চেষ্টা চালাচ্ছি।’