বরগুনায় হত্যার দায়ে বাবা-ছেলের মৃত্যুদণ্ড, স্ত্রী ও পুত্রবধূর যাবজ্জীবন
বরগুনায় একটি হত্যা মামলায় বাবা ও ছেলেকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় শাশুড়ি ও পুত্রবধূকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে বরগুনা জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার তাফালবাড়িয়া গ্রামের খলিলুর রহমান (৫০) ও তাঁর ছেলে ইসমাইল হোসেন (৩০) এবং যাবজ্জীবন সাজা পাওয়া ব্যক্তি হলেন খলিলুর রহমানের স্ত্রী খাদিজা বেগম (৪০) ও পুত্রবধূ খুশী বেগম (২৫)। মৃত্যুদণ্ড পাওয়া আসািম খলিলুর রহমান পলাতক রয়েছেন।
অপর আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বরগুনা জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ভূবন চন্দ্র হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২০ ডিসেম্বর পাথরঘাটা উপজেলার তাফালবাড়িয়া গ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে খলিলুর রহমানের দ্বিতীয় পক্ষের স্ত্রী তাজেনুরকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়। পরে তাফালবাড়িয়া গ্রামের খালেরপাড় থেকে তাজেনুরের লাশ উদ্ধার করে পাথরঘাটা থানার পুলিশ। এ ঘটনায় তাজেনুরের বাবা আবদুর রশিদ তাজেনূরের স্বামী খলিলুর রহমান, প্রথম পক্ষের ছেলে ইসমাইল হোসেন, প্রথম স্ত্রী খাদিজা বেগম ও পুত্রবধূ খুশী বেগমকে আসামি করে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।