বরগুনা শহরের কথিত তরুণ লীগ নেতার নেতৃত্বে এক ব্যবসায়ীর ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে গতকাল রোববার শহরে হরতাল পালিত হয়েছে।
গত শনিবার রাতে হামলার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে অনির্দিষ্টকালের হরতালের ডাক দেয় বরগুনা শিল্প ও বণিক সমিতি। শনিবার সকালে শহরের গোলাম সরোয়ার সড়কে মেসার্স তালুকদার ক্লথ স্টোর নামে একটি পাইকারি কাপড়ের দোকানে কথিত তরুণ লীগের নেতা অভিজিৎ তালুকদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এর আগে ওই প্রতিষ্ঠানের মালিক সাইদুর রহমানের পশু হাসপাতাল এলাকার বাড়িতে হামলার ঘটনা ঘটে।
হামলার প্রতিবাদে শনিবার সকাল থেকেই শহরের বস্ত্র ও তৈরি পোশাক ব্যবসায়ীরা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে শহরে বিক্ষোভ করতে থাকেন। ওই রাতে বণিক সমিতির এক জরুরি সভায় অনির্দিষ্টকালের হরতাল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। গতকাল সকাল থেকেই শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ব্যবসায়ীরা দফায় দফায় বিক্ষোভ করেন। রিকশা ও মোটরসাইকেল ছাড়া অন্যান্য যানবাহন চলাচল বন্ধ ছিল। দুপুর ১২টায় শহরের সদর সড়কে শিল্প ও বণিক সমিতি কার্যালয়ের সামনে ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।