বরগুনায় হাসপাতাল নির্মাণে অনিয়মের অভিযোগ
বরগুনার তালতলী উপজেলার কবিরাজপাড়া গ্রামে কমিউনিটি হাসপাতাল ভবন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ আছে, হাসপাতাল ভবনটি যেখানে নির্মাণ করা হচ্ছে, সেখানকার বেশির ভাগ জমিই পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)।কবিরাজপাড়া শীলসুখ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি জো লেন তালুকদার বলেন, ‘পাউবোর জমি দখল করে হাসপাতাল ভবন নির্মাণ করায় পুরো বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এ ছাড়া কাজের মান এতটাই নিম্নমানের যে এই ভবনের ভিত ও স্থায়িত্ব নিয়ে আমরা শঙ্কিত। আমরা এ বিষয়ে জাপান দূতাবাস, এনজিও ব্যুরো এবং বরিশাল বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।’জানা গেছে, তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের কবিরাজপাড়া গ্রামে জাপান সরকারের আর্থিক সহায়তায় প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে একটি কমিনিউটি হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। ইউনিটারিয়ান সার্ভিস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস (ইউএসডিপি) নামে স্থানীয় একটি বেসরকারি সংস্থা এই হাসপাতাল নির্মাণ ও পরিচালনার কাজ পায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, হাসপাতালের নামে জমি কেনার শর্ত থাকলেও তা না করেই পাউবো ও অন্য এক ব্যক্তির জমিতে গত ১৬ জুন ভবন নির্মাণের কাজ শুরু করা হয়। পরে ২৪ জুলাই কবিরাজপাড়া শীলসুখ বৌদ্ধ বিহারের ১৭ শতক জমি হাসপাতালের নামে কেনা হয়।এ ছাড়া ভবন নির্মাণের নকশা ও কাজ তদারকির জন্য গঠিত সাত সদস্যের কমিটি গঠন করা হলেও কমিটির মতামত ছাড়াই নিম্নমানের সামগ্রী দিয়ে যেনতেনভাবে কাজ করা হচ্ছে। এ অনিয়মের বিষয়ে কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলে ইউএসডিপির নির্বাহী পরিচালক নে উইন তাঁদের মামলা দিয়ে হয়রানি করার ভয় দেখান। কমিটির সভাপতি মংচিনান্ট কবিরাজ অভিযোগ করেন, প্রকল্পের নকশা অনুযায়ী হাসপাতাল ভবন ১০০ ফুট দীর্ঘ ও ৪৪ ফুট প্রস্থ হওয়ার কথা। কিন্তু ৮২ ফুট দীর্ঘ ও ৩৭ ফুট প্রস্থ ভবন নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া ভিত্তিস্থলে (বেইজ) ১৭ ইঞ্চি পুরু ঢালাই দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে ছয় ইঞ্চি। ভিত্তিস্থলের চারপাশে ৬১৮ ফুট বিম করার কথা থাকলেও করা হয়েছে ৪১৩ ফুট এবং বিমের পুরুত্ব ১৮ ইঞ্চির স্থলে করা হয়েছে ১০ ইঞ্চি। ইউএসডিপির নির্বাহী পরিচালক মং নে ওয়েন প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় কিছু লোক শুরু থেকেই আমার কাজে অসযোগিতা করছেন। এখন তাঁরা আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন। জমি নিবন্ধনের সময় দাগ নম্বর ভুল হওয়ায় সমস্যা হয়েছে। ওখানে পাউবোর কোনো জমি নেই। আমি যাঁর কাছ থেকে জমি কিনেছি তাঁর জমিতেই ভবন নির্মাণ করছি। ভালো কাজে আমি সবার সহযোগিতা চাই।’ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নকশা অনুযায়ী কাজ হচ্ছে না, এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘সব বোগাজ, অসত্য।’ তদারক কমিটির বিষয়ে তিনি বলেন, ‘তদারক কমিটি আমি বানাইনি। আমার সংস্থা থাকতে আমি ওনাদের দিয়ে তদারক কমিটি বানাতে যাব কেন।’পাউবোর বরগুনা কার্যালয়ের শাখা কর্মকর্তা (তালতলীর দায়িত্বপ্রাপ্ত) গাজী নূর মোহামঞ্চদ বলেন, ‘হাসপাতাল ভবনটি যে স্থানে নির্মাণ করা হচ্ছে এর বেশির ভাগ জমি পাউবোর। হাসপাতালের নামে যে জমি কেনা হয়েছে তা ওখান থেকে ৩০০ ফুট দক্ষিণে কবিরাজপাড়া বৌদ্ধ মন্দির এলাকায়। ইউএসডিপির নির্বাহী পরিচালককে জমি ছেড়ে দিতে এক মাস আগে আমরা নোটিশ দিয়েছি। এরপর গত ২৬ নভেম্বর স্থাপনা সরিয়ে ফেলতে আবার চিঠি দিয়েছি এবং বিষয়টি তালতলী থানাকেও অবহিত করেছি।’