বরগুনার পাঁচ উপজেলার ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী পদে নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠায় চারটি উপজেলার নিয়োগ-প্রক্রিয়া তিন মাসেও চূড়ান্ত হয়নি।অভিযোগ উঠেছে, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অযাচিত হস্তক্ষেপ ও প্রত্যেক চাকরিপ্রার্থীর কাছ থেকে দু-তিন লাখ টাকা করে ঘুষ নেওয়ায় চার উপজেলার ১০৬টি বিদ্যালয়ের নিয়োগ-প্রক্রিয়া চূড়ান্ত করা সম্ভব হয়নি।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক জাহাঙ্গীর কবির বলেন, ‘আমার কাছে অনেকে তদবিরে এসেছেন কিন্তু আমি প্রশ্রয় দিইনি। দূর থেকে শুনি টাকা-পয়সার খেলা হচ্ছে। আমি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি এটা যদি কেউ করে থাকেন তা নিজ দায়িত্বে করবেন। দল এসব অনৈতিক কর্মকাণ্ডের দায়িত্ব নেবে না।’জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর জেলার পাঁচটি উপজেলায় ৩৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম ধাপে ১২৬টিতে একজন করে দপ্তরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৩১ ডিসেম্বর আবেদনপত্র বাছাই করে ২৪ জানুয়ারির মধ্যে মৌখিক পরীক্ষার মাধ্যমে মনোনীত ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করা হয়। এর মধ্যে পাথরঘাটা উপজেলার ২০টি বিদ্যালয়ে মার্চ মাসের প্রথম সপ্তাহে নিয়োগ দেওয়া হয়। কিন্তু বরগুনা সদর, বেতাগী, আমতলী ও বামনা উপজেলার ১০৬টি বিদ্যালয়ের নিয়োগ-প্রক্রিয়া সমালোচনার মুখে পড়ায় সেগুলো চূড়ান্ত করা যায়নি। অথচ সরকারি পরিপত্র অনুযায়ী নিয়োগ পরীক্ষার পর ৩০ দিনের মধ্যে নিয়োগ চূড়ান্ত করার বাধ্যবাধকতা রয়েছে।প্রতিটি বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রধান করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এই চারজনকে নিয়ে নিয়োগ কমিটি করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার ৩৬টি বিদ্যালয়ের দপ্তরি নিয়োগের জন্য ফেব্রুয়ারি মাসে তালিকা চূড়ান্ত করা হয়। তবে অভিযোগ উঠেছে, চূড়ান্ত তালিকায় যাঁরা স্থান পেয়েছেন তাঁদের প্রত্যেককে দু-তিন লাখ টাকা করে ঘুষ দিতে হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী কতিপয় নেতা পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করেন।বালিয়াতলী ইউনিয়নের চালিতাতলী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শাহজাহান অভিযোগ করেন, ‘নিয়ম অনুযায়ী ২০ নম্বরের মৌখিক পরীক্ষা শেষে মেধার ভিত্তিতে উত্তীর্ণ ব্যক্তিদের তালিকা করার নির্দেশনা থাকলেও আমাকে ফলাফলের কপি না দেখিয়ে তালিকা ইউএনওর কাছে পাঠানো হয়। তাতে আমার স্বাক্ষরও নেওয়া হয়নি।’ একই ধরনের অভিযোগ উঠেছে সদরের নলটোনা ইউনিয়নের গর্জনবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ নিয়েও।বরগুনা সদরের ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার কাছে এ ধরনের পাঁচ-ছয়টি অভিযোগ এসেছে। তদন্ত করে যেগুলোর সত্যতা পেয়েছি সেগুলো সংশোধন করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে কিছুটা দেরি হচ্ছে। এখন নিয়োগ-প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করি অল্প দিনের মধ্যেই হয়ে যাবে। আমিও ঘুষ দেওয়ার কথা শুনছি, তবে কোনো প্রমাণ পাইনি।’বেতাগী, বামনা ও আমতলী উপজেলার ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগেও একই ধরনের অভিযোগ রয়েছে।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার বলেন, ‘শুধু পাথরঘাটা উপজেলার তালিকা আমরা পেয়েছি এবং দেড় মাস আগে তা ঢাকায় পাঠিয়ে দিয়েছি। তাদের অনুকূলে বেতন-ভাতার অর্থও বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি চার উপজেলার তালিকা আমরা পাইনি।’