বরগুনায় ১১ জেলেকে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা গত রোববার রাতে মাছ ধরার একটি ট্রলারসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। বঙ্গোপসাগরে ১১ জন মাঝিমাল্লাকে কুপিয়ে হত্যা করে ট্রলারটি নিয়ে ওই রোহিঙ্গা নাগরিকসহ আরও কয়েকজন পালিয়ে যাচ্ছিল বলে পুলিশ জানায়। ট্রলারে ছোপ ছোপ রক্তের দাগ রয়েছে। আটক রোহিঙ্গা নাগরিকের নাম হামিদুল হক (৪৫)। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে উখিয়া থানায় নেওয়া হয়েছে। মাছ ধরার সরঞ্জামসহ ট্রলারটি পাটুয়ার টেক রাখা হয়েছে।জানা গেছে, বরগুনার পাথরঘাটা এলাকার শাহ আলম খানের মালিকানাধীন এফবি ইসরাত নামের ট্রলারে করে গত ১ জানুয়ারি ১৬ জন মাঝিমাল্লা সাগরে মাছ ধরতে যান। এঁদের মধ্যে ১১ জন বাংলাদেশি ও বাকি পাঁচজন রোহিঙ্গা।ট্রলারের মাঝি সৈয়দ আলমের স্ত্রী ফরিদা বেগম গতকাল সোমবার রাতে প্রথম আলোকে জানান, গত ১ জানুয়ারি যাওয়ার পর তিন দিন তিনি স্বামী ও ছেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। গত শুক্রবার দুপুর থেকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে আর তাঁদের সঙ্গে কথা বলতে পারেননি। পরে বিষয়টি তিনি ট্রলারের মালিক শাহ আলমকে জানান। তিনি গত শনিবার পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ সময় স্বামী ও ছেলের শোকে ফরিদা বারবার মূর্ছা যাচ্ছিলেন। শাহ আলম জানান, ট্রলারে পাথরঘাটার নয়জন জেলে ছিলেন। তাঁরা হলেন: সৈয়দ আলম, আব্বাস উদ্দিন, সিদ্দিকুর রহমান, আবুল বাশার, আবুল কালাম, সোহেল, মেহেদী হাসান, বেল্লাল হোসেন ও সোহাগ। এর মধ্যে সোহাগ মাঝি সৈয়দ আলমের ছেলে। সবার বাড়ি পাথরঘাটা পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের জিয়া মাঠ এলাকায়। বাকি সাতজনের মধ্যে একজন মহেশখালীর জেলে জসিম। বাংলাদেশি অন্যজনের নাম জানা যায়নি।ইনানী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) সাঈদ মিয়া জানান, বরগুনার সোনাচর দ্বীপ এলাকায় জলদস্যুরা গত বুধবার ১১ জন মাঝিমাল্লাকে কুপিয়ে হত্যা করে ইঞ্জিনচালিত ট্রলার ও মাছ ধরার সরঞ্জাম নিয়ে সমুদ্রপথে মিয়ানমারে পালিয়ে যাচ্ছিলেন। উখিয়ার উপকূলীয় পাটুয়ার টেক এলাকায় ইঞ্জিল বিকল হয়ে গেলে ট্রলারটি আটকা পড়ে। খবর পেয়ে স্থানীয় জেলেদের সহযোগিতায় ট্রলারসহ রোহিঙ্গা হামিদকে গ্রেপ্তার করা হয়। তিনি এখন কক্সবাজার পিটিআই স্কুলসংলগ্ন এলাকায় বসবাস করেন। তিনি মিয়ানমারের বুচিডং এলাকার মৃত ছৈয়দ আকবরের ছেলে।হামিদ পুলিশকে জানান, ট্রলারে থাকা পাঁচজন রোহিঙ্গা মূলত জলদস্যু দলের সঙ্গে জড়িত। বুধবার দা ও কিরিচ দিয়ে ১১ জন বাংলাদেশি জেলেকে হত্যা করে লাশ সাগরে ফেলে ট্রলার নিয়ে তাঁরা পালিয়ে যাচ্ছিলেন। ট্রলারে তাঁর সঙ্গে চারজন রোহিঙ্গা জলদুস্য ছিলেন। তাঁরা পালিয়ে গেছেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, হামিদ থানা হেফাজতে রয়েছেন। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাথরঘাটা থানার ওসি আজম খান ফারুকি বলেন, শনিবার মালিকের পক্ষে সেন্টু খান জিডি করেন। তবে এখনো জেলেদের মৃত্যুর বিষয়ে তাঁদের কাছে নিশ্চিত কোনো খবর নেই।