বরগুনায় ১২৫টি সুন্দরীগাছ জব্দ
বরগুনার তালতলী উপজেলার নিদ্রা-সখিনা এলাকাসংলগ্ন বঙ্গোপসাগর মোহনায় অভিযান চালিয়ে প্রায় ১২৫টি সুন্দরীগাছের টুকরা উদ্ধার করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় কোস্টগার্ডের নিদ্র-সখিনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে কাটা গাছের টুকরোভর্তি ট্রলারটি জব্দ করেন। কোস্টগার্ড সদস্যদের ধারণা, সুন্দরবন থেকে এসব গাছ কেটে চোরাইপথে পাচার করা হচ্ছিল। উদ্ধার করা গাছের মূল্য আনুমানিক ছয় লাখ টাকা।জানা গেছে, সোমবার সন্ধ্যায় নিদ্রা-সখিনা ক্যাম্পের কোস্টগার্ডের সদস্যরা উপজেলার মৎস্যকেন্দ্র ফকিরহাট থেকে সাত কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগর মোহনায় টহল দিচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে ‘এফবি রিয়ামণি’ নামের ট্রলারটি জব্দ করেন। এর আগেই ট্রলারে থাকা চোরাকারবারিরা পালিয়ে যায়।কোস্টগার্ডের নিদ্রা-সখিনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, জব্দ করা গাছ তালতলী উপজেলার আওতায় বন বিভাগের সখিনা বিটের কর্মকর্তাদের জিম্মায় রাখা হয়েছে।সখিনা বন বিভাগের বিট কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘আমাদের বনের আওতায় সুন্দরীগাছ নেই। মনে হচ্ছে, জব্দ করা এসব গাছ সুন্দরবনের।’