বরগুনায় ১৩৭ চিকিৎসকের ১১২ জনই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকসহ জনবল-সংকট চরমে পৌঁছেছে। এসব হাসপাতালে মোট ১৩৭টি পদের বিপরীতে বর্তমানে মাত্র ২৫ জন চিকিৎসক আছেন। এ ছাড়া দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার ৯৭টি পদের মধ্যে ৩১টি ও তৃতীয় শ্রেণীর কর্মচারীর ৪৬৭টির মধ্যে ৯৫টি পদই দীর্ঘদিন ধরে শূন্য।সবচেয়ে নাজুক অবস্থা গাইনি ও শিশু চিকিৎসার ক্ষেত্রে। জেলায় পাঁচজন গাইনি ও শিশুবিশেষজ্ঞ থাকার কথা থাকলেও দুই বছর ধরে পদগুলো শূন্য।খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা জেনারেল হাসপাতালটি ১৯৯৭ সালে ১০০ শয্যায় এবং ২০১০ সালে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু আজও হাসপাতালটিতে সেই প্রথম দিকের ৫০ শয্যার জনবলই রয়েছে। সে হিসাবে এখানে ২১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বাস্তবে আছেন মাত্র নয়জন। এর মধ্যে আরও দুজন সার্জন ও একজন চিকিৎসা কর্মকর্তা অন্যত্র প্রেষণ ও ছুটিতে আছেন।এখানকার চিকিৎসা কর্মকর্তা হুমায়ুন শাহীন খান বলেন, বরগুনার প্রায় ১২ লাখ মানুষের স্বাস্থ্যসেবার সর্বোচ্চ কেন্দ্র এ হাসপাতাল। এখানে বর্তমানে কগজে-কলমে ১০ জন চিকিৎসক থাকলেও মূলত কাজ করছেন সাতজন। অথচ প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকে প্রায় ১৫০ জন। বহির্বিভাগে চিকিৎসা নেয় আরও ৫০০ থেকে ৬০০। এত অল্প চিকিৎসকের পক্ষে এত রোগীর চিকিৎসা দেওয়া অসম্ভব। শুধু জেনারেল হাসপাতালই নয়, জেলার অন্য পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরও একই দশা। এসব স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, পাথরঘাটায় ২০ জন চিকিৎসকের মধ্যে আছেন চারজন, বেতাগীতে ২০ জনের মধ্যে মাত্র দুজন, আমতলীতে ১৬ জনের মধ্যে চারজন, বামনায় নয়জনের মধ্যে তিনজন এবং সদরে নয়জনের জায়গায় আছেন দুজন চিকিৎসক। চিকিৎসক ও জনবল-সংকটে তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম দীর্ঘদিন ধরেই বন্ধ। এ ছাড়া জেলার ইউনিয়ন পর্যায়ের ৪২টি উপস্বাস্থ্যকেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মধ্যে ৪১টিতেই সহকারী সার্জন (চিকিৎসা কর্মকর্তার সমমর্যাদার) নেই। শুধু পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নে একজন সহকারী সার্জন থাকলেও তিনি প্রেষণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন। চিকিৎসাসেবায় দুরবস্থার কথা স্বীকার করে সিভিল সার্জন এ এইচ এম জহিরুল ইসলাম বলেন, ‘এখানকার হাসপাতালগুলোতে চিকিৎসক না থাকায় আমাদের হিমশিম খেতে হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় জটিল রোগের কোনো চিকিৎসা এখানে হচ্ছে না। এ সংকট নিরসনে সরকারের কাছে বারবার আবেদন করেও কোনো ফল পাচ্ছি না।’