প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষায় বরগুনার আমতলী উপজেলার শিক্ষার্থীদের উত্তরপত্রে কারসাজির ঘটনায় সদর উপজেলার চারজন সহকারী শিক্ষা কর্মকর্তাসহ ১৯৩ জন শিক্ষকের বিরুদ্ধে গত মঙ্গলবার বিভাগীয় মামলা হয়েছে৷ এসব কর্মকর্তা ও শিক্ষককে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশও দেওয়া হয়েছে৷ গত মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত দুটি পৃথক চিঠিতে মামলা ও কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়৷
যেসব শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাঁরা হলেন সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, কাজী জাকির হোসেন, নাসির উদ্দিন ও কাউসার আহমেদ৷ এ ছাড়া সদর উপজেলার ১৮৯ জন শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে৷
মামলা হওয়া বেশ কয়েকজন শিক্ষকের অভিযোগ, কারসাজির ঘটনায় দায়ী শিক্ষক নেতারা দায় এড়াতে নিরীহ শিক্ষকদের মামলায় ফাঁসিয়েছেন৷
বেশ কয়েকজন শিক্ষক নাম না প্রকাশ করার শর্তে অভিযোগ করেন, আমতলী বন্দর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভালো ফল করাতে গত বছর নিজ বিদ্যালয়সহ উপজেলার আরও কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে কয়েক লাখ টাকা চাঁদা তোলেন৷ এই অর্থ আমতলী ও বরগুনা উপজেলা শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও সদর উপজেলা শিক্ষক সমিতির কয়েকজন নেতার মধ্যে ভাগ-বাঁটোয়ারা হয়৷ এরপর আমতলীর শিক্ষার্থীদের উত্তরপত্র নিরীক্ষার জন্য বরগুনা সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে পাঠানো হয়৷ শিক্ষক নেতা জিল্লুর কয়েকজন প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সহায়তায় আমতলীর শিক্ষার্থীদের উত্তরপত্রের গোপন কোড নম্বর ফাঁস করেন৷ এ নিয়ে গত ১০ ডিসেম্বর ‘শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, পিএসসির উত্তরপত্রের গোপন কোড ফাঁস’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়৷
কারসাজির অভিযোগ তদন্তে সত্যতা পাওয়ায় শিক্ষক নেতা জিল্লুর রহমানকে ভোলার মনপুরায় শাস্তিমূলক বদলি করা হয়৷ তবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অন্যায়ভাবে আমাকে মনপুরায় বদলি করা হয়েছে৷’ আর সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবদুল আলীম দাবি করেন, নম্বর কারসাজির ঘটনায় তাঁদের কেউ জড়িত নন৷
তবে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় জানায়, কারসাজি করে আমতলীর শিক্ষার্থীদের ৮০ থেকে ৮৭ পর্যন্ত নম্বর দেওয়া হয়েছে৷
কয়েকজন শিক্ষক বলেন, কারসাজিতে যোগসাজশ থাকায় সমাপনী পরীক্ষার আগে জেলা শিক্ষা কর্মকর্তা সদর উপজেলার শিক্ষকদের উত্তরপত্র মূল্যায়নে ৮০-এর বেশি নম্বর দিতে শিক্ষকদের নির্দেশ দেন৷ তবু অনেক শিক্ষক অধিক নম্বর না দেওয়ায় চূড়ান্ত নিরীক্ষার সময় টপশিট কাটাছেঁড়া ও অনেক ক্ষেত্রে পাল্টে ফেলে নম্বর বাড়ানো হয়৷
শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটা ঠিক যে আমি একটি প্রশিক্ষণে শিক্ষকদের সর্বোচ্চ নম্বর দিতে পরামর্শ দিয়েছিলাম৷ কিন্তু সেটা ধরে কোনো শিক্ষক অযোগ্য কোনো শিক্ষার্থীকে বেশি নম্বর দিলে সে জন্য আমি দায়ী নই৷’