বরগুনায় ২০ হাজার মিটার জাল আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ শিকার বন্ধে দেশের বিভিন্ন স্থানে অভিযান চলছে। বরগুনার তালতলী, আমতলীতে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে গতকাল ২০ হাজার মিটার জাল আটক করেছে। বরিশালের গৌরনদীতে গত শনি ও গতকাল রোববার আট মণ ইলিশ জব্দ করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরগুনা: কোস্টগার্ডের তালতলী সখিনা এলাকার কন্টিনজেন্ট কমান্ডার সাইফুল ইসলাম জানান, তালতলীর তেঁতুলবাড়িয়া এলাকার পায়রা নদীতে গতকাল সকালে কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালান। এ সময় তাঁরা নদীতে পাতা ২০টি খুঁটা জাল (প্রায় ১৬ হাজার মিটার) আটক করেন। এসব জালে আটকা পড়া প্রায় দেড় হাজার জাটকা জব্দ করা হয়েছে। পরে জাটকাগুলো স্থানীয় ফকিরহাট মাদ্রাসার এতিমখানায় বিনা মূল্যে বিতরণ করা হয়।আমতলী (বরগুনা): উপজেলা মৎস্য কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, কোস্টগার্ডের সখিনা কন্টিনজেন্টের সহায়তায় গতকাল ভোরে পায়রা নদীর তালতলী-ফকিরহাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তারা নদীতে পেতে রাখা চার হাজার মিটার অবৈধ জাল উদ্ধার এবং কয়েকটি নৌকা থেকে ১২০ কেজি ইলিশ জব্দ করে।পরে উপজেলার আরপাঙ্গাসিয়া, কচুপাত্রা ও কড়ইবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে আরও ৩১ কেজি ডিমওয়ালা ইলিশ জব্দ করা হয়।গৌরনদী (বরিশাল): বরিশালের গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, উপজেলা মৎস্য দপ্তর পুলিশের সহায়তায় গত শনি ও গতকাল রোববার গৌরনদী উপজেলার বাটাজোর, হোসনাবাদ, কয়ারিয়াঘাট, মাহিলাড়া, আশোকাঠি ও টরকী বন্দরে ঝটিকা অভিযান চালায়। এ সময় প্রায় আট মণ ইলিশ জব্দ করা হয়। পরে ইলিশগুলো গৌরনদীর বিভিন্ন এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়।