বরগুনায় ২৫০০ মুরগির খামার বন্ধ
মুরগির বাচ্চা ও খাবারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে বরগুনার পোলট্রিশিল্পে ধস নেমেছে। জেলা পোলট্রি খামার মালিক সমিতির তথ্য অনুযায়ী, বিভিন্ন উপজেলায় গত এক বছরে ছোট-বড় মিলিয়ে প্রায় আড়াই হাজার খামার বন্ধ হয়ে গেছে। এতে জেলার কয়েক হাজার তরুণ বেকার হয়ে পড়েছেন।বর্তমানে যেসব খামারি টিকে আছেন তাঁরাও লোকসানের মুখে পড়ে ধার-দেনায় জর্জরিত হয়ে খামার গুটিয়ে নেওয়ার কথা ভাবছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন উপজেলায় কমপক্ষে ছয় হাজার মুরগির খামার ছিল। এর মধ্যে এখন টিকে আছে মাত্র সাড়ে তিন হাজারের মতো খামার। বাকি আড়াই হাজার খামার বন্ধ হয়ে গেছে লোকসানের কারণে। বরগুনা সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় দুই হাজার খামার গড়ে উঠলেও এখন ৬০০ খামার কোনোরকম টিকে আছে। বাকি এক হাজার ৪০০ খামার গত এক বছরে বন্ধ হয়ে গেছে। বরগুনা সদরের গৌরিচন্না ইউনিয়নের কয়েকজন খামারি জানান, এই ইউনিয়নে ১৫০টি খামার ছিল। এক বছরে বেশির ভাগই বন্ধ করে দিয়েছেন মালিকেরা। স্থানীয় খাজুরতলা গ্রামের খামারি ধীরেন গোমস্তা ও শৈলেন গোমস্তা দুই ভাই তিন বছর আগে দুটি মুরগির খামার গড়ে তোলেন। শুরুতে কিছুটা লাভের মুখ দেখলেও পরে বার্ড ফ্লুতে একদফা লোকসানের মুখে পড়েন তাঁরা। ধার-দেনা করে পুনরায় শুরু করলেও মুরগির বাচ্চা ও খাবারের দাম বেড়ে যাওয়ায় লোকসানের মুখে পড়েন। এভাবে লোকসান দিতে গিয়ে সম্প্রতি তাঁরা দুই ভাই খামার দুটি বন্ধ করে দেন। খামার মালিকেরা জানান, আগে একেকটি মুরগির বাচ্চার মূল্য ছিল সর্বোচ্চ ৩০ টাকা। এখন সেই বাচ্চার মূল্য ৬০-৮০ টাকায় এসে ঠেকেছে। আগে এক বস্তা খাবারের দাম ছিল এক হাজার ৪০০ টাকা। এখন তা প্রায় দুই হাজার টাকা। একটি বাচ্চা ক্রয় ও এক মাস লালন-পালন করতে প্রায় ১৬৫-১৭০ টাকা খরচ হয় (সর্বোচ্চ এক কেজি ৬০০ গ্রাম ওজন হয়)। আর তা পাইকারি বাজারে কেজিপ্রতি ১১৫ টাকা দরে বিক্রি করে পাওয়া যায় ১৮৪ টাকা। এভাবে লোকসান গুণতে গিয়ে গত এক বছরে খামরিরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। বরগুনার পোলট্রি খাবার ও বাচ্চা সরবরাহকারী প্রতিষ্ঠান লিমন পোলট্রি ফিডের ব্যবস্থাপক এনামুল হক জানান, মাস ছয়েক আগেও তাঁরা প্রায় ১৫০ জন খামারিকে নিয়মিত মুরগির বাচ্চা ও খাবার সরবরাহ করতেন। কিন্তু এখন মাত্র ৫৫ জন খামারি টিকে আছেন। বাকিরা লোকসানের কারণে খামার বন্ধ করে দিয়েছেন। ওই সব খামারির কাছে ৩০-৩৫ লাখ টাকা বাকি পড়েছে। জেলা পোলট্রি খামার মালিক সমিতির সভাপতি মাসুম বিল্লা বলেন, জেলায় বছর খানেক আগেও প্রায় ছয় হাজার মুরগির খামার ছিল। বাচ্চা ও খাবারের মূল্য বৃদ্ধি এবং বাজারে মুরগির দাম না পাওয়ায় এক বছরে প্রায় আড়াই হাজার খামার বন্ধ হয়ে গেছে। এ অবস্থা চলতে থাকলে এই শিল্পে অচিরেই ধস নামবে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, এক বছর ধরে পোলট্রি খামারগুলো উদ্বেগজনকহারে বন্ধ হয়ে যাচ্ছে। বাজারে মুরগির দাম না বাড়লে এবং খামারিদের সুলভ মূল্যে বাচ্চা সরবরাহ নিশ্চিত না করতে পারলে এই বিপর্যয় কোনোভাবেই ঠেকানো যাবে না।